
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশায় কথিত প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন মারজিয়া (১৮) নামে এক তরুণী। এ ঘটনায় তিনি প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে আব্দুল্লাহ আল ইমনের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় ইমন তাকে একাধিকবার বিয়ের আশ্বাস দেন বলে দাবি করেছেন মারজিয়া।
মারজিয়ার অভিযোগ, অন্য একজনের সঙ্গে তার বিয়ে হলেও ইমনের আশ্বাসে পরে তিনি বিবাহবিচ্ছেদ করেন। এরপর গত ১৭ জুলাই ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। তিনি আরও দাবি করেন, বিয়ের আশ্বাস দিয়ে ইমন তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
বর্তমানে মারজিয়ার দাবি, ইমন ও তার পরিবার বাড়িতে তালা দিয়ে চলে গেছেন। তিনি ইমনের সঙ্গে বিয়ে এবং ঘটনার সুষ্ঠু বিচার চান।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযুক্ত ইমন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

