
জামালপুরের সরিষাবাড়ীতে সৌদি প্রবাসী নাজমুল ইসলাম নামে এক যুবকের বাড়িতে স্ত্রীর অধিকার দাবিতে এক সপ্তাহ ধরে অনশন করছেন দুই নারী। ঘটনাটি উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় ঘটেছে। অভিযোগ ওঠার পর থেকে নাজমুল পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসে থাকাকালে দুই নারীর সঙ্গেই নাজমুলের সম্পর্ক গড়ে ওঠে। দেশে ফিরে তিনি ৪ জুলাই এক নারীকে এবং ৭ জুলাই আরেক নারীকে রেজিস্ট্রি করে বিয়ে করেন বলে দাবি করা হয়েছে। পরে তিনি বাড়ি ছেড়ে চলে গেলে দুই নারী স্বামীর খোঁজে শ্বশুরবাড়িতে এসে অনশন শুরু করেন।
অনশনরত নারীদের দাবি, তারা একে অপরের বিয়ের বিষয়টি জানতেন এবং নাজমুল দুজনকেই আইনগতভাবে বিয়ে করেছেন। এখন তাদের স্ত্রী হিসেবে স্বীকৃতি ও দায়িত্ব গ্রহণ করতে হবে। তিনি দুজনকে নিয়ে সংসার করবেন, নাকি একজনকে—সেই সিদ্ধান্ত নাজমুলকেই নিতে হবে বলে জানান তারা।
নাজমুলের বাবা আমবাজ আলী বলেন, ছেলে পরিবারের সঙ্গে আলোচনা না করেই নিজের সিদ্ধান্তে বিয়ে করেছে। আর তার মা শাহনাজ বেগম জানান, পরিস্থিতি নিয়ে পরিবারও বিপাকে রয়েছে।
এ ঘটনায় সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

