
চলতি বছরের ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা জামাল ইকবাল। তার হাত ধরেই প্রথমবারের মতো বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান, যা দেশটির জন্য একটি ঐতিহাসিক অর্জন।
আনিকা এর আগে মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বর্তমানে তিনি দানিস বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ও অডিটিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।
সৌন্দর্যচর্চার পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয় আনিকা। তিনি ‘বিউটি উইথ পারপাস’ নামে একটি উদ্যোগ পরিচালনা করেন, যার মাধ্যমে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সহায়তা করা হয়। এছাড়া লাহোরের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করেন।
মিস পাকিস্তান ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানিয়েছে, ২৫ বছরের ইতিহাসে এই প্রথম তাদের কোনো প্রতিনিধি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সংস্থাটির প্রধান সোনিয়া আহমেদের ভাষায়, এটি পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ।
আনিকার মতে, বিশ্বসুন্দরীর মঞ্চ শুধু সৌন্দর্য প্রদর্শনের জায়গা নয়; বরং থ্যালাসেমিয়া রোগীদের জন্য বৈশ্বিক সহায়তা ও সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। পরিবারও শুরু থেকেই তার স্বপ্ন পূরণে পাশে ছিল। এখন ভিয়েতনামে অনুষ্ঠেয় বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় নিজেকে সেরাভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

