
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রিয় এক লুকের গল্প শেয়ার করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি ফেসবুকে ৯টি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মিউজিক ভিডিওতে ব্যবহৃত বিভিন্ন লুকের মধ্যে একটি বিশেষ লুকই দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।
ছবিগুলোর সঙ্গে দেওয়া দীর্ঘ ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘মিউজিক ভিডিওর এতগুলো লুকের মধ্যে এই একটা লুকই আপনাদের হৃদয় চুরি করে নিয়েছে, আর সত্যি বলতে আমারও খুব প্রিয়।’
এই লুকের সবচেয়ে বিশেষ দিক হিসেবে তিনি উল্লেখ করেন পোশাকটির ডিজাইনারের কথা। ফারিয়ার ভাষ্য, পোশাকটি ডিজাইন করেছেন তাঁর মা। তিনি বলেন, ‘আমি শুধু একটা আইডিয়া দিয়েছিলাম, আর মা সেটাকে এমন একটা রঙিন স্বপ্নে পরিণত করলেন, যা দেখে আমিও অবাক।’
ফারিয়া জানান, পুরো পোশাকটি তৈরি করা হয়েছে একটি ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি থেকে। সবুজ ও গোলাপি রঙের সমন্বয়ে তৈরি পোশাকটিকে তিনি ‘উৎসবের মতো চঞ্চল, মিষ্টি এবং একেবারে মেইন ক্যারেক্টার এনার্জিতে ভরপুর’ বলে বর্ণনা করেন।
শুধু পোশাক নয়, গয়নাও ছিল এই লুকের অন্যতম আকর্ষণ। অল্প সময়ের মধ্যে পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টায় লুকটি তৈরি হওয়ায় বিস্ময় প্রকাশ করেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘পুরো লুকের ওপর যেন চেরি অন টপ! এত অল্প সময়ে সবাই মিলে যেভাবে এই লুকটা তৈরি করেছে, সেটা ভাবলেই এখনো অবাক লাগে। গয়নাগুলো পুরো লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।’
বিশেষভাবে তৈরি করা গয়নার জন্য ‘সিক্স ইয়ার্ড স্টোরি বাই লোরা খান’-এর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নুসরাত ফারিয়া।
ফারিয়ার পোস্ট করা ছবিগুলো ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাঁর এই ব্যতিক্রমী সাজ, রঙের সমন্বয় এবং ঐতিহ্যবাহী শাড়ি থেকে তৈরি পোশাকের নকশার প্রশংসা করেছেন।

