
খুলনায় রেলওয়ে পুলিশের এক কনস্টেবল নিজের ইস্যুকৃত রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগারে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাস (২৮) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি খুলনা রেলওয়ে পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে অস্ত্রাগারের (ম্যাগাজিন গার্ড) দায়িত্বে থাকা অবস্থায় নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন সম্রাট। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান, দায়িত্ব পালনরত অবস্থায় নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছেন সম্রাট। ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
পরিবারের দাবি, দাম্পত্য কলহের জেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ছয় মাস আগে সাতক্ষীরা জেলা পুলিশের নারী কনস্টেবল পুঁজা দাশের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ চলছিল।
সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, “গতরাতে ফোনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই এমন ঘটনা ঘটেছে। আমরা সুষ্ঠু তদন্ত চাই।”
দুলাভাই বিপ্লব কুমার সেনও জানান, পরিবারের সঙ্গে সম্রাটের কোনো বিরোধ ছিল না। দাম্পত্য সমস্যার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা।
এদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে আইনানুগ প্রক্রিয়া শেষে সম্রাটের মরদেহ খুলনা থেকে তার গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

