
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলোচিত তরুণী ফারজানা সিঁথি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম নেন। জানা গেছে, নড়াইল-২ আসনকে কেন্দ্র করে তিনি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সিঁথি সাংবাদিকদের বলেন, “আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব। আমি আশাবাদী, চূড়ান্তভাবে মনোনীত হবো।”
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজধানীর শাহবাগ এলাকায় এক সেনা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন ফারজানা সিঁথি। এরপর থেকেই তিনি বিভিন্ন মহলে পরিচিতি পান।
জানা গেছে, তার স্থায়ী নিবাস যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

