
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প
কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন ঘিরে বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, তার সঙ্গে এপস্টেইনের কোনো সম্পর্ক ছিল না এবং তিনি তার কোনো ভুক্তভোগীও নন। একই সঙ্গে এ বিষয়ে ছড়ানো ‘মিথ্যা’ তথ্য বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, এপস্টেইনের মাধ্যমে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় হয়েছে—এমন দাবি সঠিক নয়। তিনি জানান, ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরে ২০০০ সালে একটি অনুষ্ঠানে প্রথমবার এপস্টেইনের সঙ্গে তার দেখা হয়।
এ সময় তিনি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান, এপস্টেইন কাণ্ডের ভুক্তভোগীদের প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার সুযোগ করে দিতে। তার এই বক্তব্যে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মেলানিয়া আরও বলেন, এপস্টেইন বা তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। নিউইয়র্ক ও পাম বিচে বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে উপস্থিত থাকলেও তাদের মধ্যে কখনো বন্ধুত্ব গড়ে ওঠেনি।
উল্লেখ্য, ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে প্ররোচনার অভিযোগে দোষ স্বীকার করেন Jeffrey Epstein। পরবর্তীতে ২০১৯ সালে নাবালক পাচারের মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে তার মৃত্যু হয়, যা আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়।

