আমি কেন বাবা

আমি কেন বাবা - the Bengali Times
একজন পুরুষ বাবা হবার সাথে সাথে মিষ্টি নিয়ে ছুটাছুটি করে বলতে থাকে আমি বাবা হয়েছি

আমার স্ত্রী মা হবার নয় মাস দশ দিন পর আমি বাবা হয়েছিলাম। সন্তান আগমনের প্রথমদিন থেকেই সে ছিল মা, অথচ সন্তানের মুখ না-দেখা পর্যন্ত আমি পরিপূর্ণ বাবা ছিলাম না। গর্ভকালীন অবস্থায় স্ত্রীর প্রতি অধিক যত্নশীল হওয়া বা তার জন্য ভালোবাসা ও মায়ার সঞ্চালন সেগুলোতো স্বামী হবার আধিক্য। ব্যবহারিক এই পরিবর্তনের সাথে বাবার সংজ্ঞা কতোটুকু জোরালো তা নিয়ে সংশয় থেকেই যায়। সন্তান ধারণের মুহূর্ত থেকে একজন মা তার সন্তানের সুস্থতা, গড়ন, নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকে। নিজস্ব চেতনার বাইরেও ধর্মীয়, সামাজিক ও চিকিৎসা শাস্ত্রের বিধিনিষেধ তাকে মেনে চলতে হয়। বলাবাহুল্য বাবারা সে সব বিধি-নিষেধর আওতাভুক্ত নয়। নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে গেলেও বাবার অবস্থান ওয়েটিং রুমে, ঠিক তখন বন্ধ কক্ষে রক্তচাপ, সুগারের পরিমাপ, ওজন মাপার নানা প্রক্রিয়ায় মা একজন আজ্ঞাবহ। বাস্তবতা হলো পুরুষের নাড়ি টিপে সন্তানের কোন আন্দাজ পাওয়া যায় না।

একজন পুরুষ বাবা হবার সাথে সাথে মিষ্টি নিয়ে ছুটাছুটি করে বলতে থাকে ‘আমি বাবা হয়েছি’। তার বাবা বলেন ‘আমি দাদা হয়েছি’, কেউ কিন্তু সাধারণত বলেনা আমার স্ত্রী মা হয়েছে। যারা বলেন তাদের কথা আলাদা। বরং তাদের দিকে অন্যদের দৃষ্টি আকর্ষণের অনুরোধ করবো। হ্যাঁ, যা বলছিলাম, যখন পুরুষেরা বাবা হবার কারণে সামাজিক ভারসাম্য রক্ষা নিয়ে ব্যস্ত, সেইসময় মায়ের সমস্ত দুনিয়া শস্যের দানার মত ক্ষুদ্র একটি শিশুর নড়াচড়ার ভেতর আবদ্ধ। অন্তরের অনুভূতিতে আঁতুর ঘরে মা অনেক বেশি তৃপ্ত।

- Advertisement -

মাঝে মাঝে ভাবি, একজন বাবা সত্যিকার অর্থে কখন বাবা হয়! সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা, কিংবা প্রজননক্ষমতার অংশিদারিত্বের কারণে বাবারা কি বাবা? সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা, কিংবা প্রজননক্ষমতার অংশীদারিত্বেতো মায়েরাও জড়িত। তবে কি বাইরে গিয়ে পরিশ্রম করে উপার্জিত আয় রোজগারই বাবা নামের ভিত্তি! সেটাই বা হতে যাবে কেন, পুরুষদের বাইরে গিয়ে আয় রোজগার করা সেটাতো পুরুষদেরই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে মেয়েরা হয়েছে গৃহবন্দী। ঘরের বাইরে পুরুষদের আট ঘণ্টা কাজের সময়টুকু মেয়েরাতো চুপচাপ ঘরের ভেতর বসেও থাকে না। তাদের কাজের যোগফল আট ঘণ্টার দ্বিগুণ অর্থাৎ ষোল ঘণ্টায় গড়িয়ে যায়। তাহলে কাজের দোহাই দিয়ে বাবা হওয়া কতটুকু যুক্তিযুক্ত।

আরো একটি বড় প্রশ্ন থেকে যায় ভরণ-পোষণের দায়ভারকে কেন্দ্র করে। একজন পুরুষ যদি সন্তানের ভরণপোষণের কারণে বাবা হয়ে যায় তবে এমন বাবার সংখ্যাও কম নয় যারা সন্তানদের মুখ দর্শনের পূর্বেই ইহলোক ছেড়ে চলে যায়। তাদের হয়ে তারই পিতা কিংবা আত্মীয়দের কেউ কেউ সেই ভরণ-পোষণের কাজটি সম্পূর্ণ করে থাকে। সে ক্ষেত্রেও কি তার বাবা পরিচয় অক্ষুণ্ণ থাকবে? ঘুরে ফিরে কি সেই প্রজননকাজের হিস্যাই এসে যায়? আগেইতো বলেছি সে হিস্যায় মায়েরাও জড়িত।

সামাজিক প্রলোভন জয় করার জন্য বংশ পরিচয়ে সন্তানকে লালন করা এবং সম্মানিত অবস্থানে তাদের পৌঁছে দেয়ায় পুরুষি তত্ত্বাবধায়নের কাজেও একটা শুভঙ্করী ফাঁকি আছে। কেননা সম্মানিত অবস্থানের পৌঁছানোর বদলে স্থানচ্যুতির বিন্দুমাত্র লক্ষণ দেখামাত্র বাবা হিসেবে আমরা সহসা ঝলসে উঠি। সন্তানদের সামাজিকরণের ব্যর্থতা আমরা সহ্য করতে পারি না। পাছে লোকে কিছু বলে আমাদের যে ভাবে তাড়া করে, অতোটা মায়েদের করে না। ভয়ে কুঁকড়ে থাকা অবস্থায় সন্তানকে তিনিই আগলে রাখেন নিজ বুকে। নিজ হাতে খাইয়ে, নির্জন কক্ষে ঘুম পড়িয়ে তারপর তিনি অন্য কিছু নিয়ে ভাবেন।

সন্তানদের মানস, তাদের স্নায়ুতন্ত্র তবে কাকে কেন্দ্র করে বৃদ্ধি পায়! তাদের বেড়ে ওঠায় পরম ছায়াতল, নাকি উত্তাপ বেশি আধিক্য পায়। বাবা হবার বাহুল্য অহমিকায় আমি বিস্ময়ে তাকিয়ে থাকি আমার স্ত্রীর দিকে! শুধু নয় মাস দশ দিন নয়, তার থেকে আমি অনেক অনেক দুর পিছিয়ে আছি। দুটি সন্তানের মায়ের সাথে তো হিসাবের নিক্তিতে কিছুতেই পেরে উঠি না। অথচ মা-বাবা কথাটা কতইনা সমান্তরাল। একটি অন্যটির পরিপূরক। বাবা হবার বোধ কি সন্তান আমাকে দিল, নাকি যিনি আমার স্ত্রী তিনি মা হলেন বলেই আমি পিতা হলাম। বাবা শব্দ তাহলে কোথায় গিয়ে বিলীন হয় কিংবা কোথা থেকে শুরু? আমার বাবা হবার কৃতিত্বে কার সেই অসীম দান। সে কি আমার শরীর, নব জীবন নাকি গর্ভধারিণী মা!

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles