টরন্টোর কিং স্ট্রিটে দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু, ট্রাম ও যান চলাচলে বড় পরিবর্তন

টরন্টোর কিং স্ট্রিটে দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু, ট্রাম ও যান চলাচলে বড় পরিবর্তন - the Bengali Times
অন্যতম ব্যস্ত সড়ক কিং স্ট্রিট ওয়েস্টে শুরু হয়েছে দীর্ঘমেয়াদি অবকাঠামো সংস্কার প্রকল্প

টরন্টোর অন্যতম ব্যস্ত সড়ক কিং স্ট্রিট ওয়েস্টে শুরু হয়েছে দীর্ঘমেয়াদি অবকাঠামো সংস্কার প্রকল্প। পুরোনো পানির পাইপলাইন বদলানো এবং স্ট্রিটকার চলাচলের রেললাইন আধুনিকায়নের জন্য ২০২৭ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ, লেন বন্ধ এবং গণপরিবহনের রুট পরিবর্তন করা হবে। এতে প্রতিদিনের যাত্রী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভোগান্তি বাড়তে পারে।

টরন্টো সিটি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ২৩ নভেম্বর সোমবার থেকে কিং স্ট্রিটের ডাফারিন স্ট্রিট ও ক্লোজ অ্যাভিনিউয়ের মধ্যবর্তী অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। সিটি অব টরন্টো এবং টরন্টো ট্রানজিট কমিশন (টিটিসি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।

- Advertisement -

২০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে পুরো সড়ক বন্ধ না করে কয়েকটি ধাপে কাজ সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে ডাফারিন স্ট্রিট থেকে ক্লোজ অ্যাভিনিউ পর্যন্ত অংশে আগামী বছরের শরৎকাল পর্যন্ত নির্মাণকাজ চলার কথা রয়েছে। এরপর ডিসেম্বরের শুরুতে স্পাডাইনা অ্যাভিনিউ থেকে পোর্টল্যান্ড স্ট্রিট পর্যন্ত আরেকটি অংশে কাজ শুরু হতে পারে।

এ ছাড়া পরবর্তী পর্যায়ে বাথার্স্ট স্ট্রিট থেকে শ স্ট্রিট, কিং স্ট্রিট ও ইয়র্ক স্ট্রিটের সংযোগস্থল এবং শার্লট স্ট্রিট থেকে ইউনিভার্সিটি অ্যাভিনিউ পর্যন্ত বিভিন্ন অংশে সংস্কারকাজ চালানোর পরিকল্পনা রয়েছে।

নির্মাণকাজের কারণে কিং স্ট্রিট ওয়েস্টের বিভিন্ন অংশে যান চলাচলের ধরন বদলে যাবে। সাধারণত প্রতিটি দিকে একটি করে লেন গাড়ির জন্য খোলা রাখার পরিকল্পনা রয়েছে। তবে ট্রামলাইনের কাজ চলার সময় কোনো কোনো অংশে একদিকে মাত্র একটি লেন চালু রাখা হতে পারে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংযোগস্থলেও সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হবে।

যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যালের সময় পরিবর্তন, অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণকর্মী মোতায়েন এবং বিকল্প রাস্তার নির্দেশনা দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সংস্কারকাজের প্রভাব পড়ছে গণপরিবহনেও। ৫০৪ কিং স্ট্রিটকার রুটে ১ নভেম্বর থেকেই পরিবর্তন কার্যকর হয়েছে। ২৩ নভেম্বর থেকে শ স্ট্রিট ও রনসেসভ্যালেস অ্যাভিনিউয়ের মধ্যবর্তী অংশে ট্রামগুলো কুইন স্ট্রিট ওয়েস্ট হয়ে বিকল্প পথে চলাচল করবে।

পাশাপাশি ৫০৪সি ও ৩০৪সি বিকল্প বাস পরিষেবা এবং ৫০৩ কিংস্টন রোড রুটের সংযোগ ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৫০৮ লেক শোর ট্রাম পরিষেবাও। কিং স্ট্রিট ওয়েস্ট এলাকায় রয়েছে অসংখ্য অফিস, রেস্তোরাঁ, খুচরা দোকান, আবাসিক ভবন ও বিনোদনকেন্দ্র। ফলে দীর্ঘ সময় ধরে চলা নির্মাণকাজে স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রেতা চলাচল এবং বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালে স্থানীয় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশের ব্যবস্থা বজায় রাখা হবে। পথচারীদের চলাচলের জন্যও নিরাপদ পথ রাখার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া, নির্মাণস্থলের পরিস্থিতি কিংবা অন্যান্য অনিবার্য কারণে কাজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই নিয়মিত এই পথে যাতায়াতকারীদের যাত্রার আগে টিটিসির ওয়েবসাইটে সর্বশেষ রুট ও সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের পুরোনো অবকাঠামো বদলে সড়ক ও গণপরিবহন ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য করাই এই প্রকল্পের লক্ষ্য। তবে সেই উন্নয়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত কিং স্ট্রিট ওয়েস্টের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের বাড়তি সময় হাতে নিয়ে চলাচলের প্রস্তুতি রাখতে হবে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles