বিএনপি ছাড়ার কারণ জানালেন মুক্তি, এনসিপিতে পেলেন নতুন দায়িত্ব

বিএনপি ছাড়ার কারণ জানালেন মুক্তি, এনসিপিতে পেলেন নতুন দায়িত্ব - the Bengali Times
শাহীনা ইসলাম মুক্তি

বিএনপির রাজনীতির সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকলেও দল ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন শাহীনা ইসলাম মুক্তি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের মেয়ে মুক্তির এই দলবদল ঘিরে ফতুল্লায় আলোচনা তৈরি হয়েছে। কেন তিনি বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন, সে কারণও জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে যুগান্তরকে শাহীনা ইসলাম মুক্তি বলেন, বিএনপির সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন। তবে তাঁর মতে, বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান আগের সময়ের দলটির সঙ্গে মেলে না।

- Advertisement -

মুক্তি বলেন, তাঁর বাবার সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে কিংবা খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে বর্তমান বিএনপির অনেক পার্থক্য রয়েছে। তিনি বলেন, ‘আমার বাবার সময় যে বিএনপি ছিল, জিয়াউর রহমানের আমলে যে বিএনপি ছিল কিংবা খালেদা জিয়ার আমলে যে বিএনপি ছিল, এখন তো সেই বিএনপি দেখতে পাচ্ছি না।’

দলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুক্তি। তাঁর ভাষ্য, বিএনপি শুরু থেকেই তাঁদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি বলেন, ‘প্রথম থেকেই গাদ্দারি করেছে, যেটা আমাদের পছন্দ ছিল না। আমরা তো একটা সুন্দর দেশ চেয়েছিলাম।’

মুক্তি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর তাঁরা একটি উন্নত দেশের মতো সুন্দর বাংলাদেশ পাওয়ার আশা করেছিলেন। কিন্তু বাস্তবে সে প্রত্যাশা পূরণ হয়নি বলে মনে করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক মাঠ পরিচালনার ক্ষেত্রে বর্তমান বিএনপির আচরণ আওয়ামী লীগের সময়ের চেয়েও খারাপ মনে হচ্ছে।

তিনি বলেন, এসব কারণে বিএনপির রাজনীতিতে আর স্বস্তি বোধ করছিলেন না। দেশের পুনর্গঠন ও উন্নয়নে যারা কাজ করছেন, তাঁদের সঙ্গে যুক্ত হয়েই তিনি সামনে এগোতে চান। তবে তাঁর দল পরিবর্তন নিয়ে নানা আলোচনা হলেও বিষয়টি নিয়ে অতিরিক্ত ব্যাখ্যার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপিতে যোগ দেওয়ার পর শাহীনা ইসলাম মুক্তি নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। তিনি জানান, দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নেওয়ার স্বপ্ন নিয়ে নতুন রাজনৈতিক দলে কাজ করতে চান।

মুক্তির বাবা কমান্ডার সিরাজুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতির পরিচিত মুখ। ষাট ও সত্তরের দশকে তিনি বৃহত্তর ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হলে তিনি দলটির রাজনীতিতে যুক্ত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সিরাজুল ইসলামের নেতৃত্বে মুক্তিবাহিনী ফতুল্লার মাসদাইরে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করে। স্বাধীনতার পর ১৯৭৭ সালে তিনি বিএনপিতে যোগ দেন। দলটির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এরশাদবিরোধী আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল।

সিরাজুল ইসলাম ২০০০ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১২ সালের ২৩ মার্চ তাঁর মৃত্যু হয়।

বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলটির সঙ্গে যুক্ত থাকা একজন নেতার পরিবারের সদস্যের এনসিপিতে যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। নিজের দল পরিবর্তনের কারণ হিসেবে মুক্তি বর্তমান বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে অসন্তোষের কথা তুলে ধরেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles