নিজেই সামনে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি ম্যাগুয়ার

নিজেই সামনে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি ম্যাগুয়ার - the Bengali Times
হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার

প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেছেন। এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে।

- Advertisement -

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করেছেন জেনিফার। তবে বিচ্ছেদের পরও সাবেক স্ত্রীর বিশেষ দিনে টোবির উপস্থিতি এবং বিয়ের অনুষ্ঠানে তাঁর ভূমিকা অনেকের নজর কেড়েছে।

জেনিফারের বিয়েতে হলিউডের তারকাদের পাশাপাশি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদেরও দেখা গেছে। অতিথিদের তালিকায় ছিলেন অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স এবং ফ্যাশন উদ্যোক্তা র‍্যাচেল জো। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর স্ত্রী লরেন সানচেজ বেজোস।

টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তাঁরা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান।

দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সাবেক সঙ্গীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্পর্কের সমীকরণ বদলে গেলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখার এমন ঘটনা অনেকের কাছেই ব্যতিক্রমী বলে মনে হচ্ছে।

- Advertisement -

Related Articles

Latest Articles