ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ

ক্যাফে মালিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগ - the Bengali Times
প্রেমিকা শ্রদ্ধা দুবে ও ক্যাফে মালিক শিবা শর্মা ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে শিবা শর্মা (২৮) নামে এক ক্যাফে মালিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের মায়ের অভিযোগ, শিবার প্রেমিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ শ্রদ্ধা দুবে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

মামলায় শ্রদ্ধা দুবে, তাঁর বোন রশ্মি দুবে, গাড়িচালক দানিশ, সহযোগী আদিলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে শিবার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।

- Advertisement -

হাসপাতালে মরদেহ রেখে চলে যাওয়ার অভিযোগ

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার রাতে শ্রদ্ধার ফোন পেয়ে শিবার মা রঞ্জনা শর্মা জানতে পারেন, তাঁর ছেলে বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে শ্রদ্ধার দেওয়া নম্বরে যোগাযোগ করে তিনি জানতে পারেন, গাড়িচালক দানিশ শিবকে হাসপাতালে নিয়ে গেছেন।

লখনৌয়ের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির জরুরি বিভাগে পৌঁছে রঞ্জনা দেখতে পান, একটি অ্যাম্বুলেন্সের পাশে দাঁড়িয়ে আছেন দানিশ। শিবার কী হয়েছিল, তা জানতে চাইলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। এরপর শিবার নিথর দেহ সেখানে রেখেই চলে যান বলে অভিযোগ করেছেন রঞ্জনা। পরে চিকিৎসকেরা শিবাকে মৃত ঘোষণা করেন।

চার মাস ধরে ব্ল্যাকমেইলের অভিযোগ

শিবার মায়ের দাবি, গত চার মাস ধরে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে শ্রদ্ধা তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল করছিলেন। এ সম্পর্কের কারণে শিবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এর আগেও ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখেছিলেন, তবে শিবা বিষয়টি এড়িয়ে যেতেন বলে জানান রঞ্জনা।

তিনি আরও জানান, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে লখনৌয়ের হযরতগঞ্জ এলাকার একটি হনুমান মন্দিরে দুই পক্ষের বৈঠক হয়েছিল। সেখানে শিবার সঙ্গে শ্রদ্ধার বিয়ের প্রস্তাব দেওয়া হলে শ্রদ্ধা সম্মতি জানান। দুই পরিবারের সম্মতিতে ছোট পরিসরে বিয়ের আয়োজন নিয়েও আলোচনা হয়। কিন্তু এরপর শ্রদ্ধার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বলে অভিযোগ নিহতের মায়ের।

শরীরে সিগারেটের ছ্যাঁকার দাগ, নির্যাতনের অভিযোগ

রঞ্জনা শর্মার অভিযোগ, শিবার বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বাড়িতে যাওয়ার পর শ্রদ্ধা তাঁকে বারবার ফোন করে হুমকি দেন। ফিরে না এলে চুরির মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল বলেও দাবি তাঁর।

নিহতের মায়ের ভাষ্য অনুযায়ী, শিবার পাঁজর, কাঁধ, বাহু ও উরুতে সিগারেটের ছ্যাঁকার দাগসহ গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর চোয়ালেও গুরুতর জখম ছিল এবং চোখ, কান ও নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। মৃত্যুর আগে ছেলেকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিবার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং ঘটনার পেছনের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles