রয়েল রিসোর্টে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক

রয়েল রিসোর্টে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক - the Bengali Times
মামুনুল হক

আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, সেই ষড়যন্ত্র সফল হয়নি; বরং যারা ষড়যন্ত্র করেছিলেন, তারাই পরে ফেঁসে গেছেন।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি মাওলানা ইকবাল হোসাইনের স্মরণে আয়োজন করা হয়।

- Advertisement -

২০২১ সালের ওই ঘটনার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, রয়েল রিসোর্টে অবস্থানের সময় তাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, সেটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই ওই পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

তিনি বলেন, সেদিন তৌহিদী জনতার তোপের মুখে পড়ে ষড়যন্ত্রকারীরা নিজেদের বাঁচাতে আকুতি-মিনতি করেছিলেন। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রয়েল রিসোর্টে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

২০২১ সালে রয়েল রিসোর্টে এক নারীসহ অবস্থানকালে স্থানীয় একদল ব্যক্তি মামুনুল হককে ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সে সময় ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মামুনুল হক। পরে ওই নারী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

ওই সময় হেফাজতে ইসলামের তৎকালীন যুগ্ম সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়। মামলার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার তৌহিদী জনতার কণ্ঠরোধ করতে মিথ্যা মামলার পথ বেছে নিয়েছিল। বর্তমান সরকার এসব মামলা প্রত্যাহার করেছে বলেও জানান তিনি।

রয়েল রিসোর্টের ঘটনায় করা মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ থানা কমিটির তৎকালীন সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের গ্রেপ্তারের কথাও তুলে ধরেন মামুনুল হক। তার দাবি, কারাবন্দি অবস্থায় ইকবাল হোসাইন অমানবিক নির্যাতনের শিকার হন এবং পরবর্তী সময়ে মারা যান।

মামুনুল হকের বক্তব্যে আরও উঠে আসে, রয়েল রিসোর্টের ঘটনাকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের হয়রানি ও মামলা করা হয়েছিল। তিনি এসব ঘটনার জন্য তৎকালীন সরকারের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান।

- Advertisement -

Related Articles

Latest Articles