হঠাৎ বিশ্বজুড়ে আলোচনায়, কে এই ইন্দোনেশিয়ান অভিনেত্রী আগনেজ মো?

হঠাৎ বিশ্বজুড়ে আলোচনায়, কে এই ইন্দোনেশিয়ান অভিনেত্রী আগনেজ মো? - the Bengali Times
আগনেজ মো

ইন্দোনেশিয়ার বিনোদন অঙ্গনে দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ আগনেজ মো। তবে আন্তর্জাতিক দর্শকদের কাছে তাঁর পরিচিতি যেন এক লাফেই কয়েক গুণ বেড়ে গেছে। জনপ্রিয় অ্যাকশন সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমে লিলা চরিত্রে অভিনয় করে এখন বিশ্বজুড়ে আলোচনায় এই ইন্দোনেশীয় তারকা।

গত ১২ আগস্ট নতুন মৌসুম মুক্তির পর থেকেই আগনেজের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। তিন দশকেরও বেশি সময় ধরে গান, অভিনয়, নাচ ও টেলিভিশন উপস্থাপনায় সফল এই তারকার ক্যারিয়ারে ‘রিচার’ যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

- Advertisement -

১৯৮৬ সালের ১ জুলাই জাকার্তায় জন্ম আগনেজের। মাত্র ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে বিনোদনজগতে পা রাখেন তিনি। নব্বইয়ের দশকে গান প্রকাশ ও শিশুদের অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। পরে ২০০১ সালের টেলিভিশন নাটক ‘পেরনিকাহান দিনি’-তে অভিনয় করে কিশোর দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এরপর এশিয়ার বিভিন্ন দেশের নাট্যপ্রযোজনাতেও কাজ করেন আগনেজ। অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। ২০০৩ সালে প্রাপ্তবয়স্ক পপশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর একাধিক সফল অ্যালবাম প্রকাশ করেন। মার্কিন সংগীতশিল্পী টি-আই, টিম্বাল্যান্ড ও ক্রিস ব্রাউনের মতো তারকাদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর ‘রিচার’-এর মাধ্যমে পর্দায় তাঁর প্রত্যাবর্তন ঘটে। তবে জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে পরিচিত হওয়ার কারণে নয়, কঠিন অডিশন প্রক্রিয়ার মধ্য দিয়ে লিলা চরিত্রটি অর্জন করেন তিনি। অডিশন, কলব্যাক ও কেমিস্ট্রি টেস্ট—বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই এই চরিত্রে সুযোগ পান আগনেজ।

‘রিচার’-এ তাঁর চরিত্র লিলা হথ রহস্যে ঘেরা এক তরুণী। ফিলাডেলফিয়ায় অসুস্থ মায়ের সঙ্গে আসার পর নিজের জৈবিক বাবার সন্ধানে নামে সে। একপর্যায়ে তার জীবন জড়িয়ে পড়ে জ্যাক রিচারের তদন্তের সঙ্গে। চরিত্রটির রহস্যময়তা এবং গল্পে এর গুরুত্বপূর্ণ ভূমিকা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

আগনেজের কাছে অভিনয় ও সংগীত আলাদা কোনো জগত নয়। তাঁর মতে, দুটিই মানুষের গল্প ও আবেগ প্রকাশের শক্তিশালী মাধ্যম। অভিনয়ের মাধ্যমে মানুষের আবেগ ও মনস্তত্ত্বকে বোঝার সুযোগ তাঁকে সংগীতশিল্পী হিসেবেও আরও পরিণত হতে সাহায্য করেছে।

‘রিচার’-এর সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনে আগনেজের জনপ্রিয়তা আরও বাড়ছে। ভবিষ্যতে বড় আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি। এমনকি মার্ভেলের ‘এক্স-মেন’-এ সাইলক চরিত্রে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন এই ইন্দোনেশীয় তারকা।

ইন্দোনেশিয়ার সুপরিচিত তারকা থেকে আন্তর্জাতিক দর্শকের নতুন আবিষ্কার—আগনেজ মোয়ের এই যাত্রা এখন কোন দিকে যায়, সেটিই দেখার অপেক্ষা।

- Advertisement -

Related Articles

Latest Articles