রুশ কমান্ডারকে হত্যার অভিযোগে আবেদনময়ী ‘হিটওম্যান’ গ্রেপ্তার

রুশ কমান্ডারকে হত্যার অভিযোগে আবেদনময়ী ‘হিটওম্যান’ গ্রেপ্তার - the Bengali Times
সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে ঘুরে বেড়ানো প্যারাশুটিং ও নানা রোমাঞ্চকর কর্মকাণ্ডে মেতে থাকা এক রুশ নারী এবার আলোচনায় ভয়ংকর এক হত্যাকাণ্ডের অভিযোগে

সমুদ্র সৈকতে খোলামেলা পোশাকে ঘুরে বেড়ানো, প্যারাশুটিং ও নানা রোমাঞ্চকর কর্মকাণ্ডে মেতে থাকা এক রুশ নারী এবার আলোচনায় ভয়ংকর এক হত্যাকাণ্ডের অভিযোগে। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সাবমেরিন ব্রিগেডের উপ-অধিনায়ক রবার্ট শাগিয়েভকে হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী মডেল ও স্বাস্থ্যকর্মী মার্গারিতা রিউটকে গ্রেপ্তার করেছে রুশ ফেডারেল নিরাপত্তা সংস্থা।

গত ১৩ আগস্ট অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলে দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে নিহত হন শাগিয়েভ। তদন্তকারীদের দাবি, একটি ডাস্টবিনে আগে থেকে বোমা লুকিয়ে রাখা হয়েছিল। রাস্তায় হেঁটে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মার্গারিতাকে আটক করা হয়। রুশ নিরাপত্তা সংস্থার দাবি, তার কাছ থেকে বিস্ফোরণে ব্যবহৃত দূরনিয়ন্ত্রক উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বলছে, ইউক্রেনীয় গোয়েন্দাদের হয়ে কাজ করার বিনিময়ে তাকে ক্রিপ্টোকারেন্সি ও বিদেশে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, মার্গারিতা রোমাঞ্চপ্রিয় জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন দেশে ভ্রমণ এবং সামাজিক মাধ্যমে আবেদনময়ী ছবি প্রকাশ করতেন তিনি। অভিযোগ রয়েছে, যুদ্ধ শুরুর পর রাশিয়ার প্রতি তার ক্ষোভ বাড়তে থাকে এবং পরে গোপনে ক্রিমিয়ায় গিয়ে ওই সামরিক কর্মকর্তার গতিবিধির ওপর নজরদারি করেন।

তবে এসব অভিযোগ রুশ তদন্তকারী সংস্থার ভাষ্যভিত্তিক। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগগুলোর সত্যতা চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles