
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার বর্তমান স্ত্রী অভিনেত্রী ইশা রিখির একটি আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি ইশা এক পোস্টে জানান, দীর্ঘদিন তিনি ভয়ে নীরব ছিলেন। স্বামীর প্রভাব, ক্ষমতা ও সম্পদের কারণে চুপ থাকাকেই নিরাপদ মনে করেছিলেন। তিনি লেখেন, নীরবতা মানে মেনে নেওয়া নয়, বরং টিকে থাকার লড়াই। এখন তিনি ভয়ের বদলে সাহসকে বেছে নিচ্ছেন, যদিও পুরো ঘটনা জানানোর মতো অবস্থায় এখনও নেই।
তবে পোস্টে কোথাও বাদশার নাম উল্লেখ করা হয়নি বা নির্দিষ্ট কোনো অভিযোগও আনা হয়নি। এরপরও নেটিজেনদের একাংশ এটিকে তাদের দাম্পত্য জীবনের অস্থিরতার ইঙ্গিত হিসেবে দেখছেন।
এদিকে ইশার পোস্ট নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বাদশা। ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও বেড়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্ত্রী জেসমিনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ইশা রিখির সঙ্গে সম্পর্কে জড়ান বাদশা। কয়েক মাস আগে তারা বিয়ে করেন। তবে নতুন এই পোস্টের পর দাম্পত্যে ভাঙনের জল্পনা শুরু হলেও, বিচ্ছেদ বা সংকটের বিষয়ে এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তাই বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

