
অভিনেতা ওমর সানি ও উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই নতুন মাত্রা পেয়েছে। জয়ের ব্যঙ্গাত্মক মন্তব্যের জবাবে ফেসবুকে পাল্টা পোস্ট দিয়েছেন ওমর সানি।
সোমবার রাতে দেওয়া পোস্টে ওমর সানি লেখেন, “শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।” তবে পোস্টের শেষেই “সাবজেক্ট খেলাধুলা, ফান” উল্লেখ করে বিষয়টিকে রসিকতা হিসেবে তুলে ধরেন।
এর আগে ওমর সানির লিওনেল মেসিকে নিয়ে করা একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সেই প্রসঙ্গ টেনে শাহরিয়ার নাজিম জয় ফেসবুকে লিখেছিলেন, “ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছে। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।”
জয়ের ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এরপরই নিজের অবস্থান জানিয়ে পাল্টা মন্তব্য করেন ওমর সানি। দুই তারকার এই বাক্যযুদ্ধ এখন নেটিজেনদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

