চলতি পথে হানিমুন, ভাইরাল নবদম্পতির অভিনব আয়োজন

চলতি পথে হানিমুন, ভাইরাল নবদম্পতির অভিনব আয়োজন - the Bengali Times
সংগৃহীত ছবি

বিয়ের পর হানিমুনকে স্মরণীয় করে রাখতে অনেকেই বেছে নেন বিলাসবহুল হোটেল বা মনোরম পর্যটনকেন্দ্র। তবে ভারতের মহারাষ্ট্রের জালনার এক নবদম্পতি সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে চেন্নাইগামী একটি ট্রেনের ফার্স্ট এসি কেবিনকেই হানিমুন স্যুটে রূপ দিয়েছেন। তাদের সেই ব্যতিক্রমী আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মহারাষ্ট্রের সাজসজ্জা প্রতিষ্ঠান ‘রাহাত রুম ডেকোরেশন’ আগে থেকেই বুক করা কেবিনটি সাজিয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, ট্রেনের করিডোর পেরিয়ে কেবিনের প্রবেশপথে গোলাপি রঙের পুঁতির পর্দা এবং হৃদয় আকৃতির সাজসজ্জা। ভেতরে লাল ও সাদা বেলুনে ঢাকা ছাদ, মেঝেজুড়ে গোলাপের পাপড়ি এবং গোলাপ, গাঁদা ও রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো দেয়াল ও জানালা। দেয়ালে লেখা ছিল ‘আই লাভ ইউ’।

- Advertisement -

ভিডিওটি প্রকাশের পর অনেকেই এই অভিনব আয়োজনের প্রশংসা করেছেন। তাদের মতে, বিশেষ মুহূর্ত উদযাপনের এটি একটি ভিন্নধর্মী ও স্মরণীয় উপায়। তবে অন্যদিকে, অনেকে প্রশ্ন তুলেছেন রেলের কামরা এভাবে সাজানোর অনুমতি ছিল কি না। নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বেলুন, কাগজ ও ফুলের মতো সাজসজ্জার উপকরণ আগুনের ঝুঁকি তৈরি করতে পারে কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মজা করে এই কেবিনের নাম দিয়েছেন ‘সুহাগরাত এক্সপ্রেস’ বা ‘হানিমুন অন হুইলস’। এ নিয়ে বিভিন্ন মিম ও রসিকতাও ছড়িয়ে পড়েছে।

তবে রেল কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন হয়নি। তাদের ভাষ্য, নবদম্পতি ফার্স্ট এসি কেবিনের দুটি বার্থই বুক করেছিলেন। ফলে কেবিনটি ব্যক্তিগত ব্যবহারের জন্যই সংরক্ষিত ছিল। সাজসজ্জার কারণে রেলের সম্পত্তির কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন পরিচালনায়ও কোনো বিঘ্ন ঘটেনি। এ ধরনের আয়োজন নিষিদ্ধ করার মতো নির্দিষ্ট কোনো বিধানও নেই।

‘রাহাত রুম ডেকোরেশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, জালনার এক দম্পতির অনুরোধে কেবিনটি সাজানো হয়েছিল। তারা গাড়িতে ঔরঙ্গাবাদ থেকে জালনা স্টেশনে পৌঁছানোর আগেই তাদের দল ট্রেনের কেবিনটি প্রস্তুত করে রাখে।

নিরাপত্তার স্বার্থে নবদম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles