
বছর ঘুরে ঘুরে আবারও সামনে চলে এলো সেই দিনটি, যেই দিনটিকে আমি সবচেয়ে বেশি ভয় করি এবং তারচেয়ে বেশি অপছন্দ করি। দিনটি হলো মা দিবস। না এই জন্য না যে সব দিনই তো মায়ের জন্য বিশেষ দিন থাকতে হবে কেন? কিংবা সব দিনই তো ভালোবাসা দিবস, বিশেষ দিন থাকতে হবে কেন? এই তর্কে আমি বিশেষ দিন পালনের পক্ষে। কেউ না কেউ উপহার কিনছে, কেউ না কেউ তা পাচ্ছে। দুই পক্ষেরই মন ভালো হচ্ছে, কিছু একটা উদযাপন করার সুযোগ এবং সেই সাথে দেশের ইকোনমির চাকা ঘুরছে। তাতে ক্ষতিটা কি? বরং লাভ। তবে বিশেষ করে এই মা দিবস “ঘৃণা” করার পেছনের কারন পুরোটাই “ঈর্ষা”।
সঙ্গত কারনেই আমাদের নিত্যদিনের বসবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এক একটি মাধ্যম খোলার সাথে সাথে পরিচিত সকলের মায়েদের ছবি। যাদের মা নেই তারা নিজেরাই মা কিংবা তাদের বৌ এরা মা। চারদিকে মায়েদের ছড়াছড়ি। আর এই যে এক হতভাগা আমি- আমার সাথে পাঁচে দূর দূরান্ত পর্যন্ত কোনও মায়ের চিহ্নও নেই। মাঝে মাঝে এক দুইজন আন্টি আসেন তাদের বুকের সব ভালোবাসা উজাড় করে দেন। রান্না করেন হরেক রকম খাবার। বছরে এক দুইবার মায়ের পাশে থাকার স্বাদ পাই। খাবারে পাই, গায়ের গন্ধে পাই। কিন্তু সকল আন্টিরাই মা। মায়েরা বড় স্বার্থপর হন। সবার আগে আর সবচেয়ে বেশি নিজের সন্তানটিকে প্রাধান্য দেন। আমরা হাসিমুখে বাস্তবতা স্বীকার করে কাউকে কিছু বুঝতে না দিয়ে আস্তে করে সরে আসি।
রান্না করতে ইচ্ছে করে না, শরীর আর চলে না, অফিস যেতে মন চায় না, বাসা গুছাতে মন চায় না, টিভিতে মন বসে না, বই যে এত প্রিয়- সেটাও ধরে দেখতে ইচ্ছা করে না। “কাটেনা সময় যখন আর কিছুতে- বন্ধুর টেলিফোনে মন বসে না।” তখন মনে হয় সেই বকাবাজির মানুষটা যদি আবার একটু আসত। সামনে না হোক একটু যদি ফোন করেও বলত- “মমি, নতুন কিছু একটা রান্না করে আমাকে ছবি পাঠা- কিংবা এগুলি কি হাবিজাবি লিখিস- ভালো কিছু লিখতে পারিস না- একি লক্ষিছাড়া মেয়ে!” বলে না- কেউ বলে না- পৃথিবীর কোনও প্রান্ত থেকেই বলে না। আন্টিরা – খালারা- মায়েরা নিজেদের বাচ্চাদের নিয়ে ব্যাস্ত। ওজন্যই তারা এক একজন মহান মা, প্রিয় মা।
আমার মা খুব সুন্দর অল্প একটু জায়গায় সবুজ ঘাস হয়ে গেছে। তার সান্নিধ্যে ঘাসগুলো কেমন তাজা – সবচেয়ে সবুজ সবচেয়ে প্রানবন্ত হয়ে বেঁচে আছে। আমি তো সেই ঘাসের প্রতিও হিংসা বোধ করি। আমি হিংসা বোধ করি পৃথিবীর সকল সন্তানদের প্রতি। যাদের সবার মা আছে। মা দিবস আছে। নিজের মা না থাকলেও যারা নিজেরাই মা কিংবা আরেকজন মায়ের কাছাকাছি আছে।
এত হিংসা কোথায় রাখি??

