মেয়র পদে প্রার্থী ঘোষণা দেওয়া কে এই নীলা ইসরাফিল

মেয়র পদে প্রার্থী ঘোষণা দেওয়া কে এই নীলা ইসরাফিল - the Bengali Times
নীলা ইসরাফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন।

পোস্টে নীলা ইসরাফিল বলেন, “সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

- Advertisement -

রাজনীতির পাশাপাশি নীলা ইসরাফিল বিনোদন জগতেও পরিচিত মুখ। তিনি মডেল ও অভিনেত্রী হিসেবে বিভিন্ন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করেছেন। তার অভিনীত ‘কে খুনী’ ও ‘ব্রেক আপ ইন’ নাটক দুটি সম্প্রতি ঈদে প্রচারিত হয়। এছাড়া ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও দেখা গেছে তাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০টির বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

গোপালগঞ্জের মেয়ে নীলা ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় আসেন। পরবর্তীতে আন্দোলন-পরবর্তী নতুন রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় তাকে।

এর আগে পারিবারিক একটি বিষয় নিয়ে আলোচনায় আসেন নীলা ইসরাফিল। অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ এবং নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ২০২৪ সালের ৩ ডিসেম্বর বিষয়টি প্রকাশ্যে আসে।

এছাড়া নিজ দলের এক নেতার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে নতুন হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার কারণে ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নীলা ইসরাফিল। তার এই প্রার্থিতা রাজধানীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -

Related Articles

Latest Articles