
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। এবার এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি কমেডি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে এ বিষয়ে কথা বলেন মালাইকা। অনুষ্ঠানে তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও টেলিভিশন ব্যক্তিত্ব নভজ্যোৎ সিং সিধুকে নিজের ‘সত্যিকারের বন্ধু’ বলে উল্লেখ করেন।
মালাইকা বলেন, অনেকেই মনে করেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বন্ধু পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু সিধুর মধ্যে তিনি একজন আন্তরিক বন্ধু খুঁজে পেয়েছেন। তার প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথাও প্রকাশ করেন অভিনেত্রী।
অনুষ্ঠানে এক মজার তথ্যও শেয়ার করেন তিনি। মালাইকা জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫–২০ দিন অন্তর অমৃতসর থেকে তার জন্য খাঁটি সাদা মাখন, বিভিন্ন স্ন্যাকস ও গুড় পাঠিয়ে দেন। এই ছোট ছোট উপহার তাদের বন্ধুত্বের আন্তরিকতারই প্রকাশ বলে জানান তিনি।
অনুষ্ঠানে সিধুও মালাইকা অরোরার প্রশংসা করেন। তিনি বলেন, মালাইকার জীবনযাপন খুবই শৃঙ্খলাপূর্ণ এবং ব্যস্ত ক্যারিয়ার সামলেও তিনি বিনয়ী ও ইতিবাচক মানুষ হিসেবে নিজেকে ধরে রেখেছেন।
উল্লেখ্য, এর আগে মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনায় এসেছে তার সাবেক স্বামী আরবাজ খান এবং অভিনেতা অর্জুন কাপুর–এর সঙ্গে সম্পর্কের বিষয়টিও। এবার সিধুকে ঘিরে তার বন্ধুত্বের কথা প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনায় উঠে এলেন এই বলিউড তারকা।

