
টরন্টোর বাংলাদেশী কমুনিটির আলোকবর্তিকা ডলি বেগম প্রাদেশিক পার্লামেন্টে এনডিপির উপনেতার পদ ও এমপিপি পদ থেকে পদত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিয়েছেন আরো কয়েকদিন আগে। কয়েকদিন আগে তিনি আমাকে ফোন দিয়েছিলেন। অভিনন্দন জানিয়েছিলাম তখন। সবাই জানেন ডলি তিনবার এমপিপি ছিলেন স্কারবরোর বাঙালী অধ্যুষিত সাউথ ওয়েস্ট এলাকা থেকে। প্রথমবার আমিসহ অনেকেই তাকে সমর্থন দিয়েছিলাম, কিন্তু পরের দুটো নির্বাচনে আমি নিজে লিবারেল পার্টির দায়িত্বশীল পদে থাকার কারণে এনডিপির প্রার্থী হিসেবে তাকে প্রকাশ্যে সমর্থন করতে পারি নি।
তবে এবার তিনি সাবেক মন্ত্রী ও লিবারেল পার্টির গুরুত্বপূর্ণ নেতা বিল ব্লেয়ারের ছেড়ে দেয়া আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে এমপি পদে নির্বাচন করবেন। যদিও তিনি সরাসরি আমার নির্বাচনী এলাকার নন তবুও এবার আমি সহ আমার মত আরো অনেক লিবারেল সদস্য যারা ডলিকে ভালবাসলেও পার্টির কারণে এতদিন সমর্থন করতে পারেন নাই, তারা এবার মনখুলে তার পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করতে ঝাঁপিয়ে পড়বেন বলে আশা করি।
বাংলাদেশ এবং কানাডাসহ সবজায়গায়ই দল পরিবর্তন কোন নুতন ঘটনা নয়। তবে তা যদি নীতিগত কারণে দল পরিবর্তন করা হয় সেটা কোন দোষের নয় বরং বদ্ধ খাঁচা থেকে বের হয়ে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে প্রাণভরে নিঃশ্বাস নিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আরো বড় কিছু করার স্বার্থে নিজেকে নিয়োজিত করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করি। ডলি বেগম সেই কাজটাই করেছেন। বর্তমান বিশ্ব বাস্তবতায় কানাডার ভুমিকা সঠিকভাবে নিপীড়িত ও নির্যাতিত মানুষের পক্ষে, সাম্রাজ্যবাদী শক্তির চোখে চোখ রেখে কথা বলতে ডলির কণ্ঠ লিবারেল পার্টির নীতি নির্ধারণী স্হানসূমহে উচ্চকিত হবে, প্রগতিশীল ধারা আরো শক্তিশালী হবে ডলির যোগদানে এই আশা করি।
আজ ডলি বেগমের আমন্ত্রণে তাঁর দেয়া ইফতার পার্টিতে তাঁর প্রতি আমার সমর্থন ও সংহতি প্রকাশ করতে গিয়েছিলাম। তবে একই সময়ে পুর্ব নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের ইফতারে আগে থেকে কমিটমেন্ট থাকার কারণে তাঁর বক্তব্য না শুনেই চলে আসতে হয়েছে। কানাডার সবচেয়ে জনপ্রিয় সাধারণ মধ্যবিত্ত জনগণের দল লিবারেল পার্টিতে যোগ দেয়ায় আমি তাকে আবারও অভিনন্দন জানাই ও তাঁর এমপি নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ জানাই।
ছবিতে আমার সাথে ডলি বেগম ছাড়াও বাংলাদেশের শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান জানু ভাই ও লিবারেল নেত্রী নাইমা ফেরদৌসীকে দেখা যাচ্ছে।
স্কারবোরো, কানাডা

