থম্পসন ও ওয়েস্টন পরিবারের হাতে যাচ্ছে হাডসন’স বের চার্টার

থম্পসন ও ওয়েস্টন পরিবারের হাতে যাচ্ছে হাডসন’স বের চার্টার - the Bengali Times
১৬৭০ সালে ইংল্যান্ডের কিং চার্লস দ্বিতীয়ের স্বাক্ষরে জারি হওয়া হাডসনস বের রয়্যাল চার্টার কানাডার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন নথি মালিকানা হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে

১৬৭০ সালে ইংল্যান্ডের কিং চার্লস দ্বিতীয়ের স্বাক্ষরে জারি হওয়া হাডসন’স বের রয়্যাল চার্টার কানাডার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রাচীন নথি মালিকানা হস্তান্তরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নিলাম প্রক্রিয়ায় কোনো প্রতিযোগী আগ্রহ না দেখানোয় থম্পসন ও ওয়েস্টন পরিবারের কাছে ১ কোটি ৮০ লাখ ডলারে চার্টারটি বিক্রির পথ প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

এ তথ্য জানিয়েছে নিলাম প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র। দি কানাডিয়ান প্রেসকে দেওয়া বক্তব্যে সূত্রটি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানায়, কারণ প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তার নেই।

- Advertisement -

হাডসন’স বেকে একচেটিয়া বাণিজ্যিক অধিকার এবং বিশাল ভূখণ্ড ব্যবস্থাপনার ক্ষমতা প্রদানই ছিল ১৬৭০ সালের এই রয়্যাল চার্টারের মূল উদ্দেশ্য। এই নথির মাধ্যমে প্রতিষ্ঠিত হাডসন’স বে কোম্পানি (এইচবিসি) আধুনিক কানাডার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় দীর্ঘ সময় নিয়ন্ত্রণ কায়েম করেছিল। ইতিহাস, ঔপনিবেশিক অর্থনীতি এবং কানাডার ভূ-রাজনৈতিক গঠনে চার্টারটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

২০২৪ সালের মার্চে ক্রেডিটর প্রোটেকশনে যাওয়ার ঘোষণা দেয় এইচবিসি। এরপরই কোম্পানির মালিকানাধীন সম্পদ মোট ৪,৪০০টি শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শনসহ বিক্রি করে ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়। ধারনা করা হচ্ছে, প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার পাওনার বড় অংশ এই সম্পদ বিক্রি থেকেই আসবে। এই বৃহৎ প্রক্রিয়ার অংশ হিসেবেই রয়্যাল চার্টারের বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

থম্পসন এবং ওয়েস্টন পরিবারের যৌথ মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান ডিকেআরটি ফ্যামিলি কর্পোরেশন এবং উইটিং ইনভেস্টমেন্ট লিমিটেড নিলামে ১৮ মিলিয়ন ডলার (১ কোটি ৮০ লাখ ডলার) দর প্রস্তাব দিয়েছে। শুক্রবারের মধ্যে আগ্রহী দরদাতাদেরকে আর্থিক পরামর্শক রিফ্লেক্ট অ্যাডভাইজরকে জানাতে বলা হলেও নতুন কোনো প্রস্তাব জমা পড়েনি। ফলে বুধবার অনুষ্ঠেয় নিলামে আনুষ্ঠানিকভাবে দুই পরিবারকেই সফল দরদাতা হিসেবে ঘোষণা করা হতে পারে।

নিলামে বিজয়ের পরও চার্টার বিক্রিতে আদালতের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। আদালত অনুমোদন দিলে ঐতিহাসিক মর্যাদাপূর্ণ এই নথি ব্যক্তিমালিকানায় চলে যাবে, যা নিয়ে কানাডার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাকারী মহলে নতুন আলোচনা শুরু হতে পারে।

এ বিষয়ে মন্তব্যের জন্য থম্পসন পরিবার, ওয়েস্টন পরিবার এবং এইচবিসির সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ তৎক্ষণাৎ কোনো বক্তব্য দেয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles