
অন্টারিওর শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা ডারহাম ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডকে কড়া বার্তা দিয়েছেন তাদের তিনটি স্কুলে প্রম অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, নতুবা শিক্ষা মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে বাধ্য হবে।
ডারহাম স্কুল বোর্ড সম্প্রতি ব্রুকলিন, ব্রক এবং উক্সব্রিজ হাই স্কুলের শিক্ষাবর্ষ-শেষের প্রম অনুষ্ঠান বাতিল করেছে। বোর্ডের দাবি, আইনি দায়বদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় স্কুল-পরিচালিত প্রম অনুষ্ঠান আয়োজন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার প্রাদেশিক আইনসভায় প্রশ্নোত্তর পর্ব শেষে শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা বলেন, “প্রম শুধুমাত্র একটি পার্টি নয়। এটি শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক তাদের অর্জনের উদযাপন, কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক জীবনের দিকে এগোনোর প্রতীক। স্কুল বোর্ডগুলোকে অনুরোধ করছি আপনারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।”
তিনি আরও যোগ করেন, “শিশুদের শিশু হিসেবেই থাকতে দিন। তাদের আনন্দ করতে দিন, চিৎকার-উল্লাস করতে দিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি তাদের এই সুযোগ না দেয়, তাহলে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আমি নিজেই হস্তক্ষেপ করব।”
ক্যালান্দ্রা বলেন, স্কুল বোর্ডগুলোকে শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থকে হৃদয়ে ধারণ করে সিদ্ধান্ত নিতে হবে। শুধুমাত্র দায়বদ্ধতার আশঙ্কা দেখিয়ে অনুষ্ঠান বাতিল করা উচিত নয়।
ডারহাম ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, মাসের শুরুর দিকে তিনটি স্কুলের অধ্যক্ষ অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠান। সেখানে বলা হয়, প্রম আয়োজনের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান দায় ও ঝুঁকি মোকাবিলায় বোর্ডের সক্ষমতা সীমিত। সেই কারণেই অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্কুলগুলোর এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও মানসিক হতাশা তৈরি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য অন্য স্কুলের শিক্ষার্থীরা যখন প্রমে অংশ নিতে পারছে, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এক শিক্ষার্থী বলেন, “প্রম আমাদের জন্য জীবনের এক বিশেষ মুহূর্ত। আমরা দীর্ঘ ১২ বছরের পরিশ্রমের শেষে একসঙ্গে উদযাপন করতে চেয়েছিলাম। এখন মনে হচ্ছে, আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে।”
শিক্ষাবিদদের একাংশ বলছেন, দায় ও ঝুঁকির যুক্তি থাকলেও স্কুল পরিচালিত প্রম অনেক ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম উপায়। কারণ, স্কুল যদি নিজেই আয়োজন করে, তাহলে অনুষ্ঠানটি নিয়ন্ত্রিত পরিবেশে হয়। কিন্তু অনুষ্ঠান পুরোপুরি বাতিল করলে শিক্ষার্থীরা নিজস্বভাবে অনানুষ্ঠানিক পার্টি আয়োজন করতে পারে, যা আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে।
এখন নজর সবার ক্যালান্দ্রার পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি পরিষ্কার করে জানিয়েছেন বোর্ডগুলো যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করবে, যাতে শিক্ষার্থীরা তাদের বছরের শেষের ঐতিহ্যবাহী উদযাপন থেকে বঞ্চিত না হয়।
অন্টারিওতে প্রম অনুষ্ঠান শুধুমাত্র বিনোদনের বিষয় নয়, বরং এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সাংস্কৃতিক ও আবেগঘন ঐতিহ্য হিসেবে বিবেচিত। তাই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও তীব্র হবে বলেই ধারণা করা হচ্ছে।

