রাজপথে আগে আগে তুমি

রাজপথে আগে আগে তুমি - the Bengali Times
সাঁকো বেয়ে প্রতিদিন যাদের কাছে যাও কিংবা কলাই ক্ষেতের পাশে বসে যাদের সাথে মাদুর মিটিং কর

মোটামুটি ছিমছাম পরিচিতি তোমার।

যদিও আছে নানান ভ্রূকুটি। রাজপথে আগে আগে তুমি, পশ্চাতে কিছু অনুরাগী।

- Advertisement -

সাঁকো বেয়ে প্রতিদিন যাদের কাছে যাও কিংবা কলাই ক্ষেতের পাশে বসে যাদের সাথে ‘মাদুর মিটিং’ কর

সেই মানুষগুলো তোমার লুডুর গুটি।

কিছু ইঁদুর প্রকৃতির লোক লাগিয়ে দিয়েছ চারিদিকে। তাই নূপুরের মত বাজে তোমার সাফল্য। তা তা থৈ থৈ। তা তা থৈ থৈ।

রাজমহল থেকে তাজমহল সব যায়গায় সেলফি তুলেছ তুমি। গতকাল গেলে বার্নিকাটের বিদায়ী সংবাদ সম্মেলনে। তিনি শাড়ি পরেছিলেন তুমিও ঢাকার জামদানি।

তুমি জনপ্রতিনিধি হতে চাও। খোঁজ নির্বাচনে জয়ী হবার ফন্দি। তোমার নিজস্ব কোন দল নেই। তুমি দল চাও। বল চাও।

নারী অধিকারের কথা অনেক বলেছ যেমন আর সবাই বলে। তাতে কাজ হয়নি তেমন। প্রচার ওঠেনি তুঙ্গে। তোমার প্রতিদ্বন্দ্বী সরকার পার্টির পেটুক এমপি। তুমি পাস করবে না ফেল, কিছুই বোঝা যাচ্ছে না তেমন। প্রতিপক্ষ ঐ সরকারি এম পি তোমার ডাক নাম দিয়েছে ‘চিকনি চামেলি’

বেশ বুঝতে পারছ লড়াই করে টিকতে হবে। রাজনীতির ‘নীতি’ বুঝতে হবে চট জলদি।

হটাৎ একদিন তুমি তসলিমা নাসরিনের কবিতা থেকে উদ্ধৃতি দিতে শুরু করলে।

‘ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত

তবু এখনো কেমন যেন হৃদয় টাটায়’

তোমার মাথায় ফন্দি এলো তুমি তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার দাবী তুলবে। সে জন্য গেলে রওশন এরশাদের কাছে। জেলখানায় যাবার অনুমতি পেলে না। ভবনগুলোর দেওয়াল খুব উঁচু, টপকাতে পারলে না। এরপর গেলে তেঁতুল হুজুরের কাছে।

আসলে চট্টগ্রাম গিয়েছিলে দোয়া চাইতে কিন্তু সাংবাদিকদের বললে, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে হুজুরের সাথে।

হয়ে গেল কাজ। প্রশ্ন আপনা থেকেই জন্ম নিলো।

‘হুজুর কি আপনাকে দায়িত্ব দিয়েছেন তসলিমা নাসরিনের সাথে কথা বলতে’? ]তাঁকে দেশে ফিরিয়ে আনতে’?

এটাই তুমি চেয়েছিলে। আতশবাজি ফুটতে শুরু করেছে। কোন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলছ, সময় এলে সবকিছু পরিষ্কার দেখতে পাবেন।

সাবাস! তুমি রাজনীতি শিখে গেছ। এতেও যদি কাজ না হয়। ভ্যানিটিব্যাগে রেখে দিয়েছ ট্রাম কার্ড। যেমন; চরিত্রহীন মুরুব্বির সাথে আমারও চরিত্র নিয়ে কিছু কথা আছে। আমার চরিত্রের সাথে তার চরিত্রের বেশ মিল আছে। সময় হলে সব জানতে পারবেন।

আমি বলবো, তুমি একদিন অনেক জনপ্রিয় নেতা হয়ে যাবে। যদি তাই চাও, ভুলে যাও দেশ, ভুলে যাও জনগণ। শুধু ফন্দিফিকির কর। লেগে থাক। হাঁটু গেড়ে অন্যের পায়ে গরম তেল মাখ। রাজনীতির নিজস্ব কিছু নীতি থাকে। আগে সেসব মোটেই জানতে না,আস্তে আস্তে তুমি সব জানতে পারবে। স্বাগতম।

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles