
মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী বিজ্ঞাপনের চুক্তির প্রলোভন দেখিয়ে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন। রোববার রাতে দায়ের করা মামলায় তিনি অভিযোগ করেন, চুক্তি স্বাক্ষরের কথা বলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার ওপর হামলা চালানো হয়।
স্নিগ্ধার দাবি, অভিযুক্তরা তাকে অন্য এক নারী ভেবে মারধর করেন। তিনি অভিযোগ করেন, তার হাত-পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়, গলা চেপে ধরা হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর সামাজিক ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাবের আশঙ্কায় প্রথমে আইনি পদক্ষেপ না নিলেও পরে ন্যায়বিচারের আশায় থানায় মামলা করেন।
এ ঘটনায় পুলিশ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

