
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালের একটি সংক্ষিপ্ত ফেসবুক ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে তার প্রতি অভিনব সংহতি জানিয়েছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষক-শিক্ষিকা।
২৩ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ব্যবহার করেছিলেন বিউটি রাণী পাল। সমালোচনার জবাবে বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকারা একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও প্রকাশ করছেন। তাদের দাবি, শিক্ষকও একজন মানুষ; দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা সবার মতো তাদেরও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষকেরা বিউটি রাণীর প্রতি সংহতি জানিয়ে ব্যক্তিস্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন। অনেকেই বলেছেন, অযৌক্তিক সমালোচনার বিরুদ্ধে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, ১৯৮৭ সালে গীতিকার ও সুরকার আশরাফ বাবুর লেখা ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি নতুন প্রেক্ষাপটে শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের প্রতীক হিসেবে আলোচনায় এসেছে। গত কয়েক দিনে একই গান ব্যবহার করে প্রকাশিত হাজারো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

