যা দেখি সবই সত্য নয়, যা শুনি সবই সত্য নয়

যা দেখি সবই সত্য নয়, যা শুনি সবই সত্য নয় - the Bengali Times
এবারের বিশ্বকাপ নিয়ে কানাডা ও আমেরিকায় যে উন্মাদনা হবে বলে ভেবেছিলাম বাস্তবে তা তেমন চোখে পড়েনি

নানা কারণে, ইচ্ছে থাকা সত্ত্বেও এবং সুযোগ হাতের নাগালে থাকা সত্ত্বেও এবারের বিশ্বকাপ ফুটবল স্টেডিয়ামে গিয়ে দেখা হলো না। অনেকেই জীবনের এক অনন্য স্মৃতি গড়তে এবার স্টেডিয়ামে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই সৌভাগ্য মহান আল্লাহ আমাকে দিয়েছিলেন ১৯৯৪ সালে। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে স্টেডিয়ামে বসে ইতালি ও নরওয়ের বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখার স্মৃতি আজও আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

এবারের বিশ্বকাপ নিয়ে কানাডা ও আমেরিকায় যে উন্মাদনা হবে বলে ভেবেছিলাম, বাস্তবে তা তেমন চোখে পড়েনি। আমার কাছে এখনো ১৯৮২ থেকে ১৯৯৪ সালের বিশ্বকাপের আবেগ, পরিবেশ আর স্মৃতিগুলোই সবচেয়ে উজ্জ্বল।

- Advertisement -

কানাডায় এসে জীবনের অনেক ইতিবাচক মূল্যবোধ শিখেছি। তার মধ্যে একটি হলো Empathy বা সহমর্মিতা। এটি এমন একটি গুণ, যা কাউকে বিচার করার আগে আমাদের থামতে শেখায়। ইংরেজিতে একটি কথা আছে—”Put yourself in my shoes.” অর্থাৎ, অন্যের সম্পর্কে মন্তব্য করার আগে নিজেকে তার জায়গায় কল্পনা করুন। যদি আমি তার অবস্থানে থাকতাম, তার দায়িত্বে থাকতাম, তাহলে কী করতাম বা কী বলতাম?

প্রতিটি ঘটনারই একটি প্রেক্ষাপট থাকে। কিন্তু আমরা অনেক সময় সেই প্রেক্ষাপট না জেনেই মন্তব্য করতে ঝাঁপিয়ে পড়ি। এতে যেমন ভুল বোঝাবুঝি বাড়ে, তেমনি অন্যায় বিচারও হয়ে যায়।

ফেসবুকে প্রতিদিন অসংখ্য ঘটনা, মতামত ও পোস্ট দেখি। একটি বিষয়ে ভিন্নমতও পড়ি। কোনো ঘটনার সত্যতা যাচাই করার জন্য আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনও দেখি। তারপর নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিই। কিন্তু সবকিছুর প্রতিক্রিয়া দিই না।

কারও সম্পর্কে মতামত দেওয়ার আগে আমি নিজেকে কিছু প্রশ্ন করি—তিনি কে? তাঁর পটভূমি কী? কোন পরিস্থিতিতে তিনি কথাটি বলেছেন? তাঁর অভিজ্ঞতা কী? তিনি কি কোনো দায়িত্ব বা সীমাবদ্ধতার মধ্যে আছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। অনেক কিছু দেখেও এড়িয়ে যাই। আবার অনেক বিষয়ে মনে করি, সময়ই সবচেয়ে ভালো উত্তর দেবে।

গতকাল আমি যে “আলহামদুলিল্লাহ” বিষয়ক পোস্টটি দিয়েছিলাম, সেটিও একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে লেখা। সেটি আমার অত্যন্ত আপন একজন মানুষের একটি পোস্টকে কেন্দ্র করে। বিষয়টি বিস্তারিত বলছি না, কারণ আজও তাঁর প্রতি আমার স্নেহ ও শ্রদ্ধা রয়েছে। চাইলে আরও পরিষ্কার করে বলতে পারতাম, কিন্তু সেটি আমি করব না।

সম্প্রতি টরন্টোতে ১ জুলাই কানাডা দিবস উপলক্ষে ব্রাম্পটন ও ড্যানফোর্থ এলাকার পরিচ্ছন্নতা নিয়ে কিছু বর্ণবাদী (রেসিস্ট) মন্তব্য চোখে পড়েছে। এ ধরনের মন্তব্য নিঃসন্দেহে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।

তবে একই সঙ্গে আমাদের নিজেদের প্রতিও একটি প্রশ্ন থাকা উচিত—আমাদের উপমহাদেশীয় কমিউনিটির কিছু অসচেতন আচরণ কি কখনো এমন সমালোচনার সুযোগ তৈরি করে না? আত্মসমালোচনা ছাড়া উন্নতি সম্ভব নয়। অন্যের ভুল দেখার আগে নিজের ভুলগুলোও দেখা দরকার।

বাংলায় একটি প্রবাদ আছে—”আপনি আচরি ধর্ম, পরকে শেখাও।”

অন্যকে পরিবর্তনের আহ্বান জানানোর আগে নিজেকে পরিবর্তন করাই সবচেয়ে বড় শিক্ষা।

আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে দেখার, অন্যকে ন্যায়ের সঙ্গে বিচার করার এবং সহমর্মিতার সঙ্গে চলার তাওফিক দান করুন। আমিন।

- Advertisement -

Related Articles

Latest Articles