
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে বিবাহিত অবস্থায় তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে অতীতের এসব ঘটনায় পরিবারের কাছে ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগের জন্য তিনি আবারও ক্ষমা চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির সামনে দেওয়া এক সাক্ষ্যে বিল গেটস এসব কথা বলেন। এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ আনা হয়নি।
৭০ বছর বয়সী গেটস জানান, ২০১১ সালে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক দাতব্য কার্যক্রমে সহায়তার উদ্দেশ্যে এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ শুরু হয় এবং ২০১৪ সালের শেষ দিকে তা বন্ধ হয়ে যায়।
সাক্ষ্যে গেটস বলেন, এপস্টেইনের সঙ্গে যোগাযোগের সময় তিনি জানতে পারেন যে, তার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় এপস্টেইনের জানা ছিল। এর মধ্যে ছিল বিবাহিত জীবনে তার বিশ্বস্ত না থাকার বিষয়টিও।
গেটস জানান, এসব সম্পর্কের সঙ্গে এপস্টেইনের যোগাযোগের কোনো সম্পর্ক ছিল না। তবে বিষয়টি তার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল।
তদন্ত কমিটির সামনে গেটস তিন নারীর নামও প্রকাশ করেন। তারা হলেন—ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা, পারমাণবিক বিজ্ঞানী কারিমা নিগমাতুলিনা এবং চিকিৎসক অ্যালিস জ্যাকবস নেসেলরডট।
এর আগে চলতি বছরের শুরুতে গেটস জানিয়েছিলেন, বিবাহিত অবস্থায় দুই রুশ নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। পরে নতুন সাক্ষ্যে তিনি আরও একজনের কথা স্বীকার করেন।
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে গেটস বলেন, তার সঙ্গে যোগাযোগ রাখা ভুল সিদ্ধান্ত ছিল। তিনি জানান, শুরুতেই এপস্টেইনের সঙ্গে দেখা করা উচিত হয়নি।
সাক্ষ্যে গেটস আরও বলেন, এপস্টেইন তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। তবে তিনি কখনোই কাউকে শিকার বানাননি এবং এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তখন জানতেন না।
গেটস দাবি করেন, তিনি কখনো এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ, র্যাঞ্চ বা ফ্লোরিডার বাড়িতে যাননি এবং তার ভুক্তভোগীদের সঙ্গেও সরাসরি যোগাযোগ করেননি।
এদিকে এপস্টেইনের সঙ্গে অতীত সম্পর্কের জন্য গেটস অতীতেও একাধিকবার ক্ষমা চেয়েছেন। তার ফাউন্ডেশনের পক্ষ থেকেও এ বিষয়ে স্বাধীন পর্যালোচনা কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
গেটসের মুখপাত্র জানান, তিনি তদন্ত কমিটির সামনে প্রায় ছয় ঘণ্টা ধরে সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং সংশ্লিষ্ট নথি প্রকাশের পক্ষে রয়েছেন।

