২০২৬ সালের শুমারি সম্পর্কে অন্টারিওর ভাড়াটিয়াদের যা জানা প্রয়োজন

২০২৬ সালের শুমারি সম্পর্কে অন্টারিওর ভাড়াটিয়াদের যা জানা প্রয়োজন - the Bengali Times
প্রতি পাঁচ বছর পরপর পরিচালিত এই শুমারি দেশের মোট জনসংখ্যা বসবাসের ধরন সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়

কানাডাজুড়ে এ বছরের জাতীয় জনসংখ্যা শুমারি কার্যক্রম শুরু করেছে দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা। প্রতি পাঁচ বছর পরপর পরিচালিত এই শুমারি দেশের মোট জনসংখ্যা, বসবাসের ধরন, সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক বাস্তবতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত হয়। চলতি বছরের শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ৪ মে থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে অধিকাংশ পরিবার ডাকযোগে তাদের শুমারি ফরম হাতে পেয়েছে।

এই শুমারির মূল উদ্দেশ্য হলো কানাডায় সাধারণভাবে কোথায় এবং কীভাবে মানুষ বসবাস করছে, সেই তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা। সরকার এই তথ্য ব্যবহার করে ভবিষ্যৎ জননীতি প্রণয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবহন, আবাসন এবং সামাজিক সেবার পরিকল্পনা তৈরি করে থাকে। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের জনসংখ্যাগত চিত্র বুঝতে শুমারি সবচেয়ে নির্ভরযোগ্য উপাত্তের উৎস।

- Advertisement -

প্রায় ৭৫ শতাংশ পরিবারকে সংক্ষিপ্ত প্রশ্নপত্র পাঠানো হয়েছে। এই ফরমে মূলত পরিবারের সদস্য সংখ্যা, বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা এবং অন্যান্য মৌলিক জনমিতিক তথ্য চাওয়া হয়েছে। অন্যদিকে, প্রায় ২৫ শতাংশ পরিবার দীর্ঘ বা বিস্তারিত ফরম পেয়েছে। এই ফরমে শুধু জনমিতিক তথ্য নয়, বরং নাগরিকদের শিক্ষা, কর্মসংস্থান, আয়, ভাষা, অভিবাসন অবস্থা এবং বসবাসের পরিবেশ সম্পর্কিত বিস্তৃত সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে। সরকার বলছে, দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার জন্য এসব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রত্যেক বাড়ির মালিক ও ভাড়াটিয়ার কাছে ডাকযোগে একটি শুমারি ফরম পাঠানো হয়েছে, যার সঙ্গে রয়েছে ১৬ সংখ্যার একটি “সিকিউর অ্যাকসেস কোড”। অনলাইনে শুমারি ফরম পূরণ করতে হলে এই কোড ব্যবহার করেই স্ট্যাটিস্টিকস কানাডার সেনসাস ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী, এই কোড সম্পূর্ণ ব্যক্তিগত এবং নিরাপদভাবে সংরক্ষণ করতে বলা হয়েছে। কারণ এটি ব্যবহার করেই সংশ্লিষ্ট বাসস্থানের তথ্য জমা দেওয়া সম্ভব হবে।

যারা ভাড়া বাসায় থাকেন, তাদের ক্ষেত্রেও শুমারি ফরম পূরণ করা বাধ্যতামূলক। তবে যদি ভাড়াটিয়া বাড়ির মালিকের সঙ্গে একই ইউনিটে বসবাস না করেন, তাহলে তাদের নিজেদের জন্য পৃথক ফরম পূরণ করতে হবে। অনেক ক্ষেত্রে একটি বাড়ি একাধিক ইউনিটে বিভক্ত থাকে যেমন বেজমেন্ট অ্যাপার্টমেন্ট, প্রথম তলা এবং দ্বিতীয় তলার আলাদা ইউনিট। এমন পরিস্থিতিতে প্রত্যেক ইউনিটের জন্য পৃথক শুমারি ফরম প্রয়োজন হবে। যদি পুরো বাড়ির জন্য ভুলবশত একটি মাত্র ফরম পাঠানো হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট বাসিন্দাদের অনলাইনে গিয়ে “স্টার্ট মাই সার্ভে” অপশনে ক্লিক করে “অবটেইন আ সিকিউর অ্যাকসেস কোড” নির্বাচন করতে হবে। এরপর নিজস্ব ইউনিটের জন্য নতুন কোড সংগ্রহ করে আলাদাভাবে জরিপ ফরম পূরণ করা যাবে। এক্ষেত্রে ঠিকানা দেওয়ার সময় ইউনিট নম্বর সঠিকভাবে উল্লেখ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে প্রতিটি ইউনিটের তথ্য আলাদাভাবে গণনায় অন্তর্ভুক্ত হয়।

স্ট্যাটিস্টিকস কানাডা স্পষ্টভাবে জানিয়েছে, এই শুমারিতে অংশগ্রহণ করা আইনগতভাবে বাধ্যতামূলক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুমারি ফরম পূরণ না করেন অথবা জেনেশুনে ভুল তথ্য প্রদান করেন, তাহলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে। জনসংখ্যা শুমারি শুধু পরিসংখ্যানগত একটি কার্যক্রম নয়; বরং এটি একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন। তাই নাগরিকদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান দেশের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডা সরকার আশা করছে, দেশের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই জরিপে অংশ নেবেন এবং নির্ভুল তথ্য দিয়ে জাতীয় পরিকল্পনা প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সহায়তা করবেন।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles