নিয়মিত পুলিশের উপস্থিতি থাকবে

নিয়মিত পুলিশের উপস্থিতি থাকবে - the Bengali Times
গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমকে সামনে রেখে কানাডার বৃহত্তম ট্রানজিট হাবগুলোর একটি ইউনিয়ন স্টেশনে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে মেট্রোলিংক্স

গ্রীষ্মকালীন ভ্রমণের ব্যস্ত মৌসুমকে সামনে রেখে কানাডার বৃহত্তম ট্রানজিট হাবগুলোর একটি ইউনিয়ন স্টেশনে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে মেট্রোলিংক্স। সংস্থাটি জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই যাত্রীরা স্টেশন প্রাঙ্গণে নিয়মিত ও দৃশ্যমান পুলিশ উপস্থিতি লক্ষ্য করবেন, যা ২০ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।

মেট্রোলিংক্স এর একজন মুখপাত্র এই পতিবেদককে জানায়, এই উদ্যোগ বাস্তবায়নে টরন্টো পুলিশ সার্ভিস সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। বেতনভুক্ত ডিউটি অফিসাররা মেট্রোলিংক্সের বিশেষ কনস্টেবলদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।

- Advertisement -

এই সমন্বয়ের ফলে নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, ঘটনার সময়োপযোগী হস্তক্ষেপ এবং সামগ্রিক নজরদারি সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে সংস্থাটি দাবি করেছে।

জানা গেছে, তাদের বিশেষ কনস্টেবলরা অন্টারিও পুলিশ কলেজের মানদণ্ড অনুযায়ী প্রাদেশিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। এর পাশাপাশি ট্রানজিট পরিবেশে উদ্ভূত জটিল পরিস্থিতি মোকাবিলা এবং উত্তেজনা প্রশমনের জন্য বিশেষায়িত প্রশিক্ষণও দেওয়া হবে।

এতে করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার আচরণও আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি উল্লেখ করেছে, মহামারির পর ধীরে ধীরে অফিসমুখী মানুষের সংখ্যা বাড়ছে, যার ফলে ট্রানজিট ব্যবস্থায় যাত্রীচাপও বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্রীষ্মকালীন কনসার্ট ও বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন। বিশেষ করে আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চলাচলের সম্ভাবনা রয়েছে।

মেট্রোলিংক্সের প্রেসিডেন্ট ও সিইও মাইকেল লিন্ডসে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, “আমরা যখন যাত্রীসংখ্যার নজিরবিহীন বৃদ্ধির জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শুধুমাত্র বিশ্বকাপ চলাকালীনই গো ট্রানজিট এবং আপ এক্সপ্রেসে অতিরিক্ত পাঁচ লক্ষের বেশি যাত্রী চলাচল করবেন বলে আমরা আশা করছি।”

অতিরিক্ত পুলিশ মোতায়েনের আগে থেকেই মেট্রোলিংক্স ঘোষণা দিয়েছিল যে, এই বসন্ত থেকে কাস্টমার প্রোটেকশন অফিসার, রেভেনিউ প্রোটেকশন অফিসার এবং স্টেশন সেফটি অ্যাম্বাসাডররা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার শুরু করবেন। এই পদক্ষেপকে স্বচ্ছতা বৃদ্ধি, ঘটনার প্রমাণ সংরক্ষণ এবং যাত্রী ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

যাত্রীসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রানজিট হাবে নিরাপত্তা জোরদার করা সময়োপযোগী সিদ্ধান্ত। বড় আন্তর্জাতিক ইভেন্টের আগে এই ধরনের প্রস্তুতি শুধু নিরাপত্তা নয়, যাত্রীদের আস্থা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে, মেট্রোলিংক্সের এই উদ্যোগ একটি সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা যেখানে মানবসম্পদ, প্রশিক্ষণ এবং প্রযুক্তির সমন্বয়ে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রানজিট অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles