
কানাডায় আয়কর মৌসুম এলেই অধিকাংশ নাগরিকের রুটিন প্রায় একই থাকে টি৪ স্লিপ থেকে তথ্য নিয়ে তা রিটার্নে যুক্ত করা, সাধারণ কিছু দাবি করা এবং শেষে একটি সন্তোষজনক রিফান্ডের প্রত্যাশা করা। তবে কর ব্যবস্থার এই পরিচিত প্রক্রিয়ার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু ব্যতিক্রমী ছাড় ও ট্যাক্স ক্রেডিট, যা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে।
সাবেক আর্থিক পরামর্শদাতা এবং সিএফপি ও সিএফএ চার্টারহোল্ডার ক্রিস্টোফার লিউ দীর্ঘদিন ধরে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে কাজ করেছেন এবং অসংখ্য কানাডিয়ানকে সঠিক কর পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। তার মতে, অনেকেই জানেন না যে কানাডা রেভিনিউ এজেন্সি (সিআরএ) কিছু অপ্রচলিত খরচকেও কর ছাড়ের আওতায় নিয়ে আসে যদি সেই ব্যয় যুক্তিসঙ্গত হয়, সরাসরি আয়ের সঙ্গে সম্পর্কিত হয় এবং যথাযথভাবে নথিভুক্ত থাকে।
প্রতি বছর এইচঅ্যান্ডআর ব্লক কানাডা একটি তালিকা প্রকাশ করে, যেখানে এমন অস্বাভাবিক কর ছাড়গুলোর উল্লেখ থাকে। ২০২৬ সালের তালিকায় এমন কিছু বিষয় উঠে এসেছে, যা সাধারণ ধারণার বাইরে। উদাহরণস্বরূপ, চিকিৎসকের পরামর্শ গ্রহণের খরচ থেকে শুরু করে পেশাগত সাজসজ্জার ব্যয় পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে এই তালিকায়।
একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো সেলিয়াক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য গ্লুটেনমুক্ত খাদ্যের অতিরিক্ত ব্যয়। সিআরএ-এর মেডিকেল এক্সপেন্স ট্যাক্স ক্রেডিটের আওতায় এই ব্যয়ের একটি অংশ দাবি করা যায়। তবে পুরো খরচ নয় শুধুমাত্র সাধারণ খাদ্যের তুলনায় অতিরিক্ত যে মূল্য দিতে হয়, সেটুকুই দাবি করা সম্ভব। যেমন, সাধারণ রুটির দাম যদি ৩ ডলার হয় এবং গ্লুটেনমুক্ত রুটির দাম ৬ ডলার হয়, তাহলে অতিরিক্ত ৩ ডলারই কর ছাড় হিসেবে দাবি করা যাবে।
এছাড়া, চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত ক্যানাবিসের খরচও নির্দিষ্ট শর্তে করযোগ্য ব্যয় হিসেবে গণ্য হতে পারে। এর জন্য অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন এবং ফেডারেলভাবে অনুমোদিত বিক্রেতার কাছ থেকে ক্রয় করা জরুরি। আরেকটি ব্যতিক্রমী দিক হলো সার্ভিস প্রাণীর ব্যয়। অন্ধত্ব, বধিরতা, অটিজম বা গুরুতর ডায়াবেটিসের মতো অবস্থায় সহায়তার জন্য প্রশিক্ষিত প্রাণীর যত্ন ও রক্ষণাবেক্ষণের খরচও চিকিৎসা ব্যয় হিসেবে দাবি করা যায়।
চুল পড়ার মতো শারীরিক সমস্যার ক্ষেত্রেও সিআরএ সহানুভূতিশীল। কোনো রোগ, দুর্ঘটনা বা চিকিৎসার কারণে অস্বাভাবিকভাবে চুল পড়ে গেলে পরচুলা কেনার খরচও কর ছাড়ের আওতায় আনা সম্ভব। এছাড়া পেশাগত কারণে প্রয়োজনীয় সাজসজ্জাও কর ছাড় হিসেবে বিবেচিত হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, মডেল বা কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে যদি মেকআপ বা প্রসাধন সামগ্রী তাদের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত হয়, তবে সেই ব্যয়ও ছাড়যোগ্য।
এই ধরনের সুযোগগুলো কাজে লাগাতে হলে করদাতাদের সচেতন হতে হবে এবং প্রতিটি খরচের সঠিক নথিপত্র সংরক্ষণ করতে হবে। কারণ সিআরএ সাধারণত যুক্তিসঙ্গত ও প্রমাণযোগ্য ব্যয়কে গ্রহণ করে থাকে। কানাডার কর ব্যবস্থায় এমন অনেক সুযোগ রয়েছে যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে করদাতারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। তবে এর জন্য প্রয়োজন তথ্যভিত্তিক পরিকল্পনা এবং সচেতনতা।

