
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে তারা। এই অভিযান পরিচালনা করছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর ( (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Fars News Agency–এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রকে দ্বিতীয়বারের মতো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফা এলাকার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসি আরও জানিয়েছে, ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনির নেতৃত্বে হামলার গতি আরও বেড়েছে বলে জানা গেছে। তেহরান আগের চেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইসরাইলে হামলার সময় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকটিতে গুচ্ছবোমা বা ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে।
চলমান এই পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

