
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি গত প্রায় ২০ দিনের কাজের অগ্রগতি, এলাকার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
লাইভে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
দেবীদ্বার উপজেলার রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর ও এলজিইডির অধীনে বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন তিনি।
আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরে তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান এমপি হাসনাত।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন তিনি। এই পেজে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি ও সরকারি সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান।
লাইভে তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সচিবদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তাও দেন। তার লক্ষ্য সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

