
টরন্টো শহর স্কুল, ডে-কেয়ার এবং খেলার মাঠের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব প্রতিষ্ঠানের ৫০ মিটারের মধ্যে গড়ে ওঠা গৃহহীনদের এনক্যাম্পমেন্ট ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে বিশেষ জোর দেবে। বৃহস্পতিবার সিটি কাউন্সিলের সভায় এই প্রস্তাবটি পাস হয়।
বৈঠকের শুরুতে কাউন্সিলর ব্র্যাড ব্র্যাডফোর্ড একটি কঠোর প্রস্তাব উত্থাপন করেন। তাঁর প্রস্তাবে বলা হয়েছিল, স্কুল, ডে-কেয়ার ও খেলার মাঠের ২০০ মিটারের মধ্যে থাকা যেকোনো এনক্যাম্পমেন্ট ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে।
ব্র্যাডফোর্ড বলেন, “আমি দুই ও চার বছর বয়সী দুই সন্তানের বাবা। তাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তামুক্ত থাকতে চাই। পার্কে গেলে যেন আমার মেয়ের পায়ে কোনো সুই বিঁধবে কিনা বা কারো সঙ্গে অস্বস্তিকর আচরণের মুখোমুখি হবে কিনা এই চিন্তা করা কোনো অভিভাবকেরই উচিত নয়। আমার ওয়ার্ডের অনেক অভিভাবকই এই ভয় প্রকাশ করেছেন, এবং এটা কেবল আমার ওয়ার্ড নয় পুরো সিটির অভিভাবকরাই এ উদ্বেগে ভুগছেন।”
তবে তাঁর এই প্রস্তাবের বিরুদ্ধে কথা বলেন বেশ কয়েকজন কাউন্সিলর, বিশেষ করে ডাউনটাউনের কাউন্সিলর ক্রিস মোয়িজ। তিনি জানান, সিটির বর্তমান কৌশল ইতিমধ্যেই কার্যকর প্রমাণিত হয়েছে।
মোয়িজ বলেন, “আগস্টের পর থেকে আমার ওয়ার্ডে কোনো নতুন এনক্যাম্পমেন্ট নেই। সিটির পরিকল্পনা কাজ করছে। নতুন করে কঠোর নিয়ম চাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই।”
আলোচনার এক পর্যায়ে কাউন্সিলর পাওলা ফ্লেচার একটি সংশোধনী প্রস্তাব আনেন। তাঁর প্রস্তাবে ব্র্যাডফোর্ডের কঠোর ২০০ মিটার সীমা কমিয়ে ৫০ মিটারে আনা হয় এবং অপসারণের সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে ২৪ ঘণ্টা করা হয়। ফ্লেচারের এই সংশোধনী নিয়ে ভোটাভুটি হয় এবং তা সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাস হয়।
সিটি কর্তৃপক্ষ শিগগিরই নতুন নির্দেশনা বাস্তবায়ন শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। তবে সমালোচকদের মতে, শুধু অপসারণ নয় গৃহহীনদের জন্য যথেষ্ট আশ্রয় এবং সহায়তা বৃদ্ধি করাও জরুরি।

