
টরন্টো এলাকায় সেপ্টেম্বর মাসে বাড়ি বিক্রির গতি বেড়েছে, তবে দাম কমার প্রবণতা অব্যাহত রয়েছে। শহরের রিয়েল এস্টেট বোর্ডের সাম্প্রতিক প্রতিবেদনে এমনই চিত্র উঠে এসেছে। বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বাড়তি বিক্রির পেছনে মূল ভূমিকা রেখেছে ঋণের খরচ কমে যাওয়া এবং ক্রেতাদের সামনে বিকল্প বাড়ির সংখ্যা বেড়ে যাওয়া।
টরন্টো রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড (TRREB) জানায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে টরন্টো অঞ্চলে মোট ৫,৫৯২টি বাড়ি বিক্রি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে তুলনায় এটি ৮.৫% বৃদ্ধি। মৌসুমি সমন্বয়ের ভিত্তিতে আগস্টের তুলনায় বিক্রি বেড়েছে আরও ২%।
কিন্তু বিক্রি বেড়ে গেলেও দাম উল্টো কমেছে। ১) গড় বাড়ির বিক্রয় মূল্য গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৪.৭% কমেছে। ২) কম্পোজিট বেঞ্চমার্ক মূল্য কমেছে ৫.৫%। ৩) তবে আগস্টের তুলনায় গড় বিক্রয় মূল্য সামান্য ০.২% বৃদ্ধি পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাজারে বাড়ির যোগান বেড়েছে এবং উচ্চ সুদের হার থেকে স্বস্তি পাওয়ায় ক্রেতারা আবার বাজারে ফিরছেন। ফলে লেনদেন বাড়লেও অতিরিক্ত সরবরাহের কারণে দাম এখনও চাপের মুখে রয়েছে।
TRREB–এর প্রেসিডেন্ট এলেচিয়া ব্যারি-স্প্রাউল জানান, ব্যাংক অব কানাডার সেপ্টেম্বরের সুদের হার কমানো বাড়ির ক্রেতাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। মর্টগেজ খরচ কমে যাওয়ায় বহু পরিবার বর্তমানে মাসিক কিস্তির চাপ নিতে পারছে।
এই বছরের ১৭ সেপ্টেম্বর কানাডার কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে সুদের হার ২.৫% নির্ধারণ করে। মার্চ থেকে টানা তিনবার একই হার ধরে রাখার পর এটাই প্রথম হার কমানোর সিদ্ধান্ত। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে সুদের হার আরও কমলে আবাসন বাজারের তাপমাত্রা আরও বাড়তে পারে।
সেপ্টেম্বরে বাজারে নতুন বাড়ির তালিকাভুক্ত হয়েছে ১৯,২৬০টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩.৯% বেশি। যদিও মৌসুমি বিবেচনায় আগস্টের তুলনায় নতুন তালিকা ৩.৩% কমেছে। সক্রিয় তালিকাভুক্ত বাড়ির সংখ্যা বছরে ১৮.৯% বেড়ে দাঁড়িয়েছে ২৯,৩৯৪টি, যা বাজারে বাড়ির সরবরাহ বেড়েছে বলে নির্দেশ করে।
সিটি অব টরন্টোতে সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ২,০৬৩টি বাড়ি যা বছরে ১৩.২% বেশি। গ্রেটার টরন্টো এরিয়ায় (GTA) বিক্রি বেড়েছে ৫.৯%, মোট ৩,৫২৯টি লেনদেন রেকর্ড হয়েছে।
ডেটা অনুযায়ী সেমি-ডিটাচড বাড়ি: বিক্রি বেড়েছে ১১% (সর্বোচ্চ বৃদ্ধি), ডিটাচড হোম: বৃদ্ধি ৯.৬%, কন্ডো: বৃদ্ধি ৭.২%, টাউনহাউস: বৃদ্ধি ৪.৪%।
বিশ্লেষকদের মতে, পরিবারভিত্তিক ক্রেতাদের মধ্যে সেমি-ডিটাচড ও ডিটাচড বাড়ির চাহিদা সবচেয়ে বেশি, কারণ সুদ কমায় বড় বাড়ির প্রতি ঝোঁক আবার বাড়ছে।
বাজারে লেনদেন বাড়ছে, সরবরাহও বাড়ছে কিন্তু বাড়ির দাম কিছুটা চাপের মধ্যেই রয়ে গেছে। ব্যাংক অব কানাডা ভবিষ্যতে আরও সুদের হার কমালে আবাসন বাজারে উল্লেখযোগ্য উত্তাপ দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, টরন্টোর রিয়েল এস্টেট আবার ধীরে ধীরে ক্রেতাবান্ধব বাজার থেকে বিক্রেতাবান্ধব দিকে অগ্রসর হতে পারে তবে তা নির্ভর করবে আগামী কয়েক মাসের সুদের হারের ওপর।

