থ্যাংক্সগিভিং ডে

থ্যাংক্সগিভিং ডে - the Bengali Times
অক্টোবরের দ্বিতীয় সোমবার পালন করা হয় কানাডার থ্যাংক্স গিভিং ডে

অক্টোবরের দ্বিতীয় সোমবার পালন করা হয় কানাডার থ্যাংক্স গিভিং ডে। এ দিনে কানাডিয়ানরা পারিবারিক পার্টি করে। নতুন ফসল ঘরে তুলে শীতকে আলিঙ্গন করতে, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানাতে। ডিনারে আস্ত বিরাট টার্কি বেক করা হয় সবজি দিয়ে; চার পাঁচ ঘন্টা ধরে। ওটা স্লাইস করে সস, রুটি, সবজি দিয়ে বা স্যান্ডউইচ বানিয়ে খাওয়া হয়। সাথে ডেজার্ট হিসেবে থাকে মিষ্টিকুমড়া বা আপেল পাই, ক্রান্ডবেরী সস।

বাজারে আস্ত, পরিষ্কার করা ফ্রোজেন টার্কি বিক্রি করা হয়। প্রতিটা গ্রোসারি স্টোরে রাখা হয় স্তুপ করে। বাইরে রাখা শত শত কমলা রঙের মিষ্টিকুমড়া। টার্কি বেশ সস্তা; মুরগির চাইতেও।

- Advertisement -

আমিও প্রায় চার কেজি ওজনের একটা হালাল টার্কি কিনেছিলাম। এরচেয়ে ছোট আর পাইনি। কোনোটা আবার দশ কেজির মতো। বড়ো কিনলে নষ্ট হয়, বাঙালিদের পেটে টার্কি ঠিক সয় না।

এদেশের মানুষ আমার মতোই টার্কিটাকে কাজে লাগায়। স্টক বানিয়ে রাখে। উৎসব পরবর্তী কয়েকদিন দেখা যাবে অফিসের লাঞ্চে শুধু টার্কির আইটেমই খাচ্ছে। শেষ হতে সময় লাগে।

পাখিটা প্রথমে দুই ভাগ করে ফেললাম। প্রায় দুই কেজিএ একেকটা ভাগ। একটা ভাগ নিয়ে চাকু দিয়ে ফেরে নিলাম যাতে গভীর মাংসে মসলা ঢোকে। এটা বেক করা হবে। গামলায় ভরে পাশে রেখে বাকি অর্ধেক ছোট ছোট পিস করে কেটে ফেললাম। মুরগির মতো রান্না করা হবে ভবিষ্যতে। ব্রেস্ট অংশের বড় টুকরোটা তিন ইঞ্চি আকারের আলুর স্লাইসের মতো করে নিলাম। বাচ্চাদের টার্কি স্ট্রিপ ভেজে খাওয়াবো। খুব  খুশি হবে।

আর উচ্ছিষ্ট হাড়গুলো চুলোর ফুটন্ত পানিতে ছেড়ে দিলাম। দারুণ স্টক তৈরি হবে। স্যুপ বানাবো।

এক টার্কির অনেক গুন!

বাকিগুলো প্যাকেট করে ফ্রিজে উঠিয়ে গিন্নিকে ডাকলাম। সে আজ মাখিয়ে রেখে কাল বেক করবে। বেক করতে সে ওস্তাদ। ওটা নিয়ে আমরা দূরের কোনে পার্কে গিয়ে খাবো, পুটিনের সাথে।

এদেশের মানুষের কিছু জিনিস খুব ভালো লাগে। টার্কির যে আহামরি স্বাদ, তেমনটা মোটেই নয়। এরচেয়ে মুরগী অনেক সুস্বাদু।

ডিনারে তেমন খরচ করতে হয় না। তারচেয়ে অমূল্য পারিবারিক বন্ধন দৃঢ় করা। খুব যত্ন করে রান্না করে, যত্ন করে পরিবেশন করবে। সময় নিয়ে আহার করে কৃতজ্ঞতা প্রকাশ করবে। কেউ খাবার নিয়ে বাড়াবাড়ি করবে না। পরিবারিক মিলনমেলাটাই মূখ্য। একটা সুস্থ পরিবেশ।

ছুটির দিনে কি সুন্দর আতিথেয়তা।

 

অটোয়া, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles