
লন্ডনের অভিজাত এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক নারী। পাশে ছিল স্যুটকেস ও ব্যক্তিগত জিনিসপত্র। তার দেখাশোনায় থাকা তিন বছরের এক শিশু ব্যস্ত সড়কের পাশে স্কুটার নিয়ে খেলছিল। কাছেই অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক পুরুষ। পরে জানা যায়, ওই নারী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ধনী রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী মাহরা ও তার এক পুরুষ বন্ধুর বিরুদ্ধে টানা প্রায় ৪৮ ঘণ্টা মাদক সেবনের পার্টিতে অংশ নেওয়ার অভিযোগ ওঠে। পরে পশ্চিম লন্ডনের কেনসিংটন এলাকায় তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় শিশুকে অবহেলার অভিযোগ স্বীকার করায় মাহরাকে সাজা দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, মাহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার শর্তসহ পাঁচ হাজার পাউন্ড জরিমানা এবং এক হাজার পাউন্ড মামলার খরচ পরিশোধ করতে হবে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় মাহরা কেনসিংটনের সিনক্লেয়ার রোডের একটি বেসমেন্ট ফ্ল্যাট ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের প্রতি রাতের ভাড়া ছিল আনুমানিক ২০০ পাউন্ড। মাহরা ও তার পুরুষ বন্ধু অন্তত তিন রাতের জন্য ফ্ল্যাটটি বুক করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ওই ফ্ল্যাটে টানা প্রায় ৪৮ ঘণ্টা পার্টি চলে। সেখানে কোকেনসহ বিভিন্ন মাদক সেবন করা হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুলিশের তল্লাশিতে মাহরার কাছে মাদক গ্রহণের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার হয়নি।
ফ্ল্যাটের এক প্রতিবেশী জানান, রাতে প্রায়ই উচ্চ শব্দে গান ও চিৎকার শোনা যেত। এক রাতে খাবার আনতে বাইরে গিয়ে মাহরা দরজার বাইরে আটকা পড়েন। পরে তিনি প্রতিবেশীর সাহায্য চান, যাতে বেড়ার ওপাশে থাকা বন্ধুকে ডাকতে পারেন। ওই প্রতিবেশীর ভাষ্য, পুরুষ বন্ধুটিকে দেখে তার অবস্থা খুবই খারাপ মনে হয়েছিল।
ঘটনাটি ঘটে গত ১৩ জুন। সেদিন এক প্রতিবেশী শিশুর দৌড়াদৌড়ির শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখেন, মাহরা ফুটপাতে অচেতন অবস্থায় রয়েছেন এবং কাছেই এক পুরুষ পড়ে আছেন। শিশুটি জুতা ছাড়াই স্কুটার নিয়ে খেলছিল। দুই প্রাপ্তবয়স্কের কেউই তখন তার যথাযথ দেখাশোনা করতে পারছিলেন না।
পরে স্থানীয় লোকজন শিশুটিকে নিরাপদে রাখার ব্যবস্থা করেন এবং পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স পৌঁছায়। আদালতে কৌঁসুলি রিও পাহলাভানপুর জানান, শিশুটি স্কুটার নিয়ে চলন্ত যানবাহনের খুব কাছাকাছি চলে যাচ্ছিল। একপর্যায়ে কাগজের টুকরোর পেছনে ছুটতে গিয়ে সড়কের দিকে চলে যায় সে। এক পথচারী তাকে আটকে না দিলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারত।
কৌঁসুলির বক্তব্য অনুযায়ী, মাহরা প্রায় ৩০ মিনিট অচেতন ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি অস্বাভাবিক আচরণ করেন এবং উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে চিৎকার করেন।
বিচারক জনসন বলেন, মাদকের প্রভাবে থাকা অবস্থায় শিশুটিকে জুতা ছাড়াই রাস্তায় খেলতে দেওয়া তার নিরাপত্তার প্রতি চরম অবহেলার শামিল।
আদালতকে জানানো হয়েছে, ঘটনার পর মাহরা মাদকাসক্তির চিকিৎসা নিচ্ছেন। গত জুলাইয়ে সারে কাউন্টির ওকিংয়ে প্রাইরি পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা শুরু করেন তিনি। তার আইনজীবী স্টিফেন ভুলো জানান, চিকিৎসা শুরুর পর মাহরা মাদক গ্রহণ বন্ধ করেছেন এবং আসক্তি থেকে বেরিয়ে আসতে দৃঢ়প্রতিজ্ঞ।
আইনজীবী আরও জানান, তিন মাসের পুনর্বাসন কর্মসূচি শেষ করে মাহরা গিল্ডফোর্ড এলাকায় বাসা ভাড়া নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে চান। পাশাপাশি তিনি নারকোটিকস অ্যানোনিমাসের কার্যক্রমেও অংশ নেবেন।
আদালতকে আরও জানানো হয়, মাহরা প্রতি মাসে আট হাজার পাউন্ড ভাতা পান। বিচারক তাকে দুই বছরের কমিউনিটি অর্ডার, পাঁচ হাজার পাউন্ড জরিমানা এবং এক হাজার পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন।

