
বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট পরিচয় দেওয়া কিছু ব্যক্তিকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি দাবি করেছেন, ওই ব্যক্তিদের চেয়ে তিনি নিজেই ১০০ গুণ বেশি বিএনপিপন্থি।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন মেঘনা আলম। সেখানে তিনি লেখেন, ‘আগেই বলেছিলাম, বিএনপি অনলাইন এক্টিভিস্ট পরিচয় দেয়া কিছু গুপ্তদের থেকে মেঘনা আলম ১০০ গুণ বেশি বিএনপি। রাজনীতি বুঝতে হবে!’
স্ট্যাটাসের শেষে প্রকৃত অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতি সমর্থন জানিয়ে তিনি লেখেন, ‘আসল অনলাইন এক্টিভিস্টরা সবাই পাশে ছিল।’
তবে কাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করেছেন এবং কী প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি মেঘনা আলম। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মেঘনা আলম দেশের পরিচিত মডেল ও অভিনেত্রীদের একজন। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক বক্তব্য ও টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মধ্য দিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।
এদিকে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা আলম।

