
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তুলেছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ছবিটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি—তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে লিখেছেন, ‘মতলব কী?’
শনিবার (১০ অক্টোবর) মেঘনা আলমের পোস্ট করা ছবিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে দাঁড়িয়ে আছেন সারজিস আলম। তার হাতে রয়েছে একটি প্রভোস্ট অ্যাওয়ার্ডের ক্রেস্ট। পেছনের নামফলকে ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও দেখা যাচ্ছে।
ছবিটি প্রকাশ করে মেঘনা আলম ক্যাপশনে লেখেন, ‘কে এটা? মতলব কী? রিয়াল নাকি এআই??’
তবে ছবিটি কেন পোস্ট করেছেন বা সারজিসকে উদ্দেশ করে ‘মতলব কী’ প্রশ্নটি কেন তুলেছেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি মেঘনা।
তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকে সারজিস আলমের অতীত ছাত্ররাজনীতি এবং শেখ হাসিনার রাজনীতির সঙ্গে তার পূর্ববর্তী অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। তবে এসব মন্তব্যের সত্যতা কিংবা ছবিটির প্রকৃত প্রেক্ষাপট সম্পর্কে মেঘনার পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়নি।
মেঘনা আলম মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে রাজনীতিতেও সক্রিয় হয়েছেন তিনি। বিভিন্ন টেলিভিশন আলোচনা ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি রাজনীতিতে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন।
অন্যদিকে, সারজিস আলম ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। পরে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করেন।

