
বলিউড অভিনেত্রী দিয়া মির্জার অভিনয়জীবনে ‘তুমসা নেহি দেখা’ সিনেমার ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটি ছিল বিশেষ একটি অধ্যায়। পর্দায় ইমরান হাশমির সঙ্গে তার নাচ দর্শকদের নজর কাড়লেও গানটির শুটিংয়ের অভিজ্ঞতা ছিল দিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা প্রকাশ করেছেন দিয়া মির্জা। তিনি জানান, গানটির শুটিংয়ে শত শত পুরুষের উপস্থিতিতে তাকে অন্তর্বাস পরে নাচের দৃশ্যে অংশ নিতে হয়েছিল।
দিয়া বলেন, একজন অভিনেত্রী হিসেবে এটি তার করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি ছিল। শুরুতে বিষয়টি নিয়ে তিনি অস্বস্তি ও দ্বিধায় ছিলেন। সে সময় নিজের শরীর নিয়েও খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না অভিনেত্রী।
তবে শুটিংয়ের পরিবেশ তাকে ধীরে ধীরে স্বস্তি দেয়। দিয়ার ভাষায়, নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্টসহ সেটে থাকা সবাই তাকে নিরাপদ অনুভব করিয়েছিলেন। ফলে শেষ পর্যন্ত দৃশ্যটি নিয়ে তার অস্বস্তি অনেকটাই কেটে যায়।
অভিনেত্রী বলেন, একজন শিল্পীর জন্য চরিত্রের সত্যিটা বোঝা এবং সেই চরিত্রের মাধ্যমে কী প্রকাশ করা হচ্ছে, তা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। তাই সেটে ৫০০ বা ১ হাজার মানুষ উপস্থিত থাকলেও একসময় বিষয়টি আর তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি।
দিয়ার কাছে ওই শুটিং শুধু একটি গানের দৃশ্য ধারণের অভিজ্ঞতা ছিল না; বরং এটি ছিল নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
হায়দরাবাদে রক্ষণশীল পরিবেশে বেড়ে ওঠা দিয়া জানান, নিজের শরীর নিয়ে একসময় তার মধ্যে যথেষ্ট সংকোচ ছিল। কিন্তু ‘তুমসা নেহি দেখা’ সিনেমার কাজ তাকে সেই সংকোচ কাটিয়ে উঠতে সাহায্য করে।
দিয়া বলেন, ‘মুঝে তুমসে মহব্বত হ্যায়’ গানটি তাকে অনেক বাঁধন থেকে মুক্ত হওয়ার অনুভূতি দিয়েছিল। দর্শকের কাছে যা ছিল একটি গ্ল্যামারাস গানের দৃশ্য, দিয়ার কাছে তা হয়ে ওঠে আত্মবিশ্বাস অর্জন ও নিজের সীমাবদ্ধতা ভেঙে বেরিয়ে আসার স্মরণীয় অভিজ্ঞতা।

