হ্রদে সাঁতার কাটার পর বিরল অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

হ্রদে সাঁতার কাটার পর বিরল অ্যামিবার সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু - the Bengali Times
সংগৃহীত ছবি

হ্রদের পানিতে আনন্দ করে সাঁতার কাটতে গিয়েছিল ছোট্ট শিশুটি। কিন্তু কে জানত, এই সামান্য আনন্দই তার জীবনে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে! পানিতে থাকা বিরল মগজ-খেকো অ্যামিবার সংক্রমণে প্রাণ গেল আট বছর বয়সী শিশুটির।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বাসিন্দা লিলিয়ান স্মার্ট নামের শিশুটি সম্প্রতি স্থানীয় ক্লিবোর্ন হ্রদে সাঁতার কাটে। এরপর সে ‘নেগ্লেরিয়া ফাউলেরি’ নামক অ্যামিবার শিকার হয়। গত ১৫ আগস্ট থেকে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আট বছরের জন্মদিন পালনের পরদিনই শনিবার তার মৃত্যু হয়।

- Advertisement -

গত ১৯ আগস্ট স্বাস্থ্য বিভাগ এই সংক্রমণের কথা নিশ্চিত করে। হ্রদে সাঁতার কাটার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফেসবুকে এক আবেগঘন বার্তায় শিশুটির পরিবার জানায়, অ্যামিবার কারণে তার মস্তিষ্কের অনেক ক্ষতি হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

‘নেগ্লেরিয়া ফাউলেরি’ অ্যামিবাটি উষ্ণ সাধু পানিতে বাস করে। দূষিত পানি নাক দিয়ে শরীরে ঢুকলে এটি মস্তিষ্কে পৌঁছায়। ফলে ‘পিএএম’ নামক অতি বিরল সংক্রমণ ঘটে। তবে পানি গিলে ফেললে এটি ছড়ায় না। মাথা ব্যথা, জ্বর ও বমির মতো উপসর্গ দিয়ে রোগ শুরু হয়। পরে তা খিঁচুনি ও কোমায় রূপ নিতে পারে।

যুক্তরাষ্ট্রে এই সংক্রমণ বেশ বিরল। তবে মৃত্যুহার অনেক বেশি। আক্রান্তদের ৯৭ শতাংশই মারা যান। ১৯৩৭ সাল থেকে দেশটিতে প্রায় ১৮০ জন এতে আক্রান্ত হয়েছেন। জলাশয়গুলোতে নিয়মিত পরীক্ষা না হওয়ায় পানিতে এর উপস্থিতি জানা খুব কঠিন।

- Advertisement -

Related Articles

Latest Articles