
এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যামেরার সামনে ছবি তোলার সময় এক ফটোগ্রাফার তাকে হাতে থাকা পোশাকটি পরে দেখানোর মন্তব্য করেন। এতে সঙ্গে সঙ্গেই আপত্তি জানান জারিন।
জবাবে তিনি বলেন, “সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।”
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জারিনের অবস্থানের প্রশংসা করেছেন। তাদের মতে, কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা সবার দায়িত্ব।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য ও আপত্তিকর আচরণের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন ছবি বা পোস্ট প্রকাশ করলেই একশ্রেণির মানুষ অশোভন মন্তব্য ও আপত্তিকর ইমোজি দিয়ে মন্তব্যের ঘর ভরে ফেলেন। এবারও একই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন এই অভিনেত্রী।

