
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আজ একটা ইন্টারভিউ আমরা দেখেছি, যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন।
নাহিদ ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের দেওয়া রায় কার্যকর করা উচিত। তিনি দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দেশে ফেরা, কীভাবে ফিরবেন এবং বিচারিক প্রক্রিয়া কীভাবে বাস্তবায়িত হবে—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তার ভাষ্য, এ বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা এবং বিচার কার্যকর হওয়ার বিষয়টি ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে বলে তিনি মনে করেন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তার নেতিবাচক প্রভাব সরকারের ওপরই পড়বে।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

