
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির দিনরাত কাটছে কারাগারের কনডেম সেলে। বরগুনা জেলা কারাগারের একমাত্র নারী কনডেম বন্দি হিসেবে তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন।
কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, কনডেম সেলের বন্দিদের মতো মিন্নিও নির্দিষ্ট নিয়মের মধ্যে জীবনযাপন করছেন। দুই সেট পোশাক দেওয়া হয়েছে তাকে। সেল থেকে বের হওয়ার সুযোগ নেই, তবে মাসে একবার স্বজনদের সঙ্গে দেখা এবং সপ্তাহে একবার নির্ধারিত সময়ে পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান।
কারাগারে মিন্নি বেশিরভাগ সময় নীরবে কাটান। কারারক্ষীদের সঙ্গেও তেমন কথা বলেন না। বাবা-মা দেখা করতে এলে তাদের সঙ্গে কথা বলেন। বাকি সময় নামাজ ও ইবাদত-বন্দেগিতে ব্যস্ত থাকেন বলে জানিয়েছে কারা সূত্র।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তদন্তে মিন্নির সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে জানায় পুলিশ। মামলায় ২৪ জনকে আসামি করা হয়। ২০২০ সালে আদালতের রায়ে মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মিন্নির পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, তাকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে। বর্তমানে তিনি কারাগারে শান্ত ও স্বাভাবিক আচরণ করছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

