শিক্ষক শিক্ষা প্রোগ্রামের দৈর্ঘ্য কমাচ্ছে অন্টারিও

শিক্ষক শিক্ষা প্রোগ্রামের দৈর্ঘ্য কমাচ্ছে অন্টারিও - the Bengali Times
শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা

কানাডার অন্টারিও প্রদেশে শিক্ষক সংকট মোকাবিলায় বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যৎ শিক্ষকদের জন্য বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষক শিক্ষা প্রোগ্রামের সময়কাল প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে। একইসঙ্গে জোর দেওয়া হবে ব্যবহারিক প্রশিক্ষণের ওপর, যাতে শিক্ষার্থীরা বাস্তব শ্রেণিকক্ষের অভিজ্ঞতা দ্রুত অর্জন করতে পারে।

শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী নোলান কুইন ইতিমধ্যেই এই বিষয়ক ঘোষনা দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, এই উদ্যোগ পরিকল্পিত এবং এর মূল লক্ষ্য হলো অন্টারিওজুড়ে ক্রমবর্ধমান শিক্ষক স্বল্পতা দূর করা।

- Advertisement -

সরকার জানিয়েছে, আগামী সপ্তাহে উত্থাপিত হতে যাওয়া নতুন আইনের অধীনে অন্টারিওর যেসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষা প্রোগ্রাম চালু রয়েছে, তাদেরকে বাধ্যতামূলকভাবে এক বছরের নতুন মডেল গ্রহণ করতে হবে। এই মডেলটি হবে তিন সেমিস্টারের, যা কার্যকর হবে ২০২৭ সালের মে মাস থেকে।

বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামটি চার সেমিস্টার বা দুই বছরের। নতুন কাঠামোতে সময় কমানো হলেও শিক্ষার মান বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ব্যবহারিক প্রশিক্ষণে। সরকার বলছে, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব শ্রেণিকক্ষে কাজ করার দক্ষতা বাড়ানোই এই পরিবর্তনের মূল লক্ষ্য। এজন্য ব্যবহারিক প্রশিক্ষণের জন্য নতুন ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা হবে।

বর্তমানে শিক্ষকতার লাইসেন্স পেতে হলে সম্ভাব্য শিক্ষকদের কমপক্ষে ৮০ দিনের ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়। তবে শিক্ষামন্ত্রী ক্যালান্দ্রা মনে করেন, এই সময়সীমা পর্যাপ্ত নয়। তার মতে, শিক্ষার্থীদের আরও বেশি সময় শ্রেণিকক্ষে সরাসরি অভিজ্ঞতা অর্জন করতে হবে, যাতে তারা পেশাগত জীবনের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারে। তিনি আরও বলেন, এই নতুন কাঠামো দেশের অন্যতম উন্নত ব্যবহারিক প্রশিক্ষণ ব্যবস্থায় পরিণত হতে পারে এবং এর মাধ্যমে শিক্ষার্থী-শিক্ষকদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

প্রোগ্রামের সময়কাল কমানোর ফলে শিক্ষার্থীদের আর্থিক চাপও কিছুটা কমবে। সরকারের হিসাব অনুযায়ী, টিউশন ফি বাবদ একজন শিক্ষার্থী সর্বোচ্চ প্রায় ৩ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক মন্ত্রী নোলান কুইন অবশ্য বলেছেন, “এই পরিবর্তনের ফলে আমরা দ্রুত ভবিষ্যতের শিক্ষক তৈরি করতে পারব। এতে তাদের ক্যারিয়ার দ্রুত শুরু হবে এবং অন্টারিওর বিভিন্ন কমিউনিটির চাহিদা পূরণ করা সহজ হবে।”

এই প্রস্তাবিত পরিবর্তন অন্টারিওর মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে যার মধ্যে ১৪টি পাবলিক এবং ৩টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানেই বর্তমানে শিক্ষক শিক্ষা প্রোগ্রাম চালু আছে।

এই সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। শিক্ষক সংকট দীর্ঘদিন ধরেই অন্টারিওর শিক্ষা ব্যবস্থার একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলে যোগ্য শিক্ষকের অভাব প্রকট। নতুন এই নীতির ফলে দ্রুত শিক্ষক তৈরি করা সম্ভব হলেও, সমালোচকরা প্রশ্ন তুলছেন সময় কমিয়ে আনা হলে শিক্ষার গভীরতা ও মান কতটা বজায় থাকবে?

তবে সরকার আশ্বস্ত করছে যে, ব্যবহারিক প্রশিক্ষণ বাড়ানোর মাধ্যমে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়লে নতুন শিক্ষকরা আরও আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবেন এমনটাই প্রত্যাশা নীতিনির্ধারকদের। অন্টারিওর এই নতুন উদ্যোগ শিক্ষক শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে, যার প্রভাব আগামী কয়েক বছরে শিক্ষা খাতে স্পষ্টভাবে প্রতিফলিত হতে পারে।

সোহেলি আহমেদ সুইটি : লোকাল জার্নালিজম ইনিশিয়েটিভ রিপোর্টার

- Advertisement -

Related Articles

Latest Articles