
কানাডার ডারহাম রিজিয়ন-এ দীর্ঘ ১৫ বছর ধরে চলা একটি জটিল আর্থিক জালিয়াতির ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশের নজরদারিতে থাকা সন্দেহভাজনদের মধ্যে এক নারী সম্প্রতি আত্মসমর্পণ করেছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
“প্রজেক্ট ফ্লেচার” নামে পরিচিত এই তদন্তটি শুরু হয় ২০২১ সালের নভেম্বর মাসে। দীর্ঘ সময় ধরে চলা এই অনুসন্ধানে বেরিয়ে আসে একটি সুসংগঠিত জালিয়াতি চক্রের তথ্য, যা একটি প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোকে ভেঙে দিয়েছিল ভেতর থেকেই। তদন্তকারীরা গত সপ্তাহে এই মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রকাশ করেন।
তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৫৪ বছর বয়সী এক নারী, যিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পরিচালন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। পুলিশের অভিযোগ অনুযায়ী, তিনিই পুরো জালিয়াতি চক্রের নেতৃত্ব দিয়েছেন এবং অত্যন্ত কৌশলে দীর্ঘ সময় ধরে প্রতারণা চালিয়ে গেছেন।
এই প্রতারণার কৌশল ছিল বহুস্তরবিশিষ্ট। যেমন : কর্মীদের প্রকৃত বেতন অন্যত্র সরিয়ে দেওয়া, ভুয়া কর্মচারী বা পরিচিতদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর, পরিবারের সদস্যদের নামেও অর্থ পাঠানো এবং ভুয়া সাবকন্ট্রাক্টরের নামে ইনভয়েস তৈরি করে অর্থ আত্মসাৎ।
ফরেনসিক অডিটে প্রায় ২৭০টি জাল চেক শনাক্ত করা হয়েছে, যা আটটি ভুয়া সাবকন্ট্রাক্টর প্রতিষ্ঠানের নামে ইস্যু করা হয়েছিল। এসব অর্থ ২২টি পৃথক ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, এই প্রতারণা ১৫ বছরেরও বেশি সময় ধরে চলে এবং এর ফলে প্রতিষ্ঠানটির ক্ষতি দাঁড়িয়েছে ৩০ লাখ ডলারেরও বেশি।এই ঘটনায় ইতোমধ্যে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পাঁচজন পলাতক রয়েছে। এই পাঁচজনের মধ্যে একজন আলেকজান্দ্রা নোয়েমি রামোস বোসেরু সম্প্রতি আত্মসমর্পণ করেছেন। তিনি অরোরা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলি হলো ৫ হাজার ডলারের বেশি জালিয়াতি, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ৫ হাজার ডলারের বেশি চুরি। পুলিশ জানায়, তাকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনাটি কর্পোরেট নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতির একটি বড় উদাহরণ। দীর্ঘ ১৫ বছর ধরে এমন একটি প্রতারণা অব্যাহত থাকা প্রমাণ করে যে, আর্থিক নজরদারি ও অডিটিং ব্যবস্থায় গুরুতর ত্রুটি ছিল। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত স্বাধীন অডিট, স্বচ্ছ পেমেন্ট ট্র্যাকিং সিস্টেম এবং কর্মচারীদের আর্থিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণ এসব ব্যবস্থার অভাবেই এ ধরনের জালিয়াতি দীর্ঘদিন ধরা পড়ে না।
“প্রজেক্ট ফ্লেচার” কেবল একটি জালিয়াতি মামলাই নয়, বরং এটি কর্পোরেট সুশাসনের জন্য একটি সতর্কবার্তা। তদন্ত এখনো চলমান, এবং পলাতক অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনার পূর্ণ বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী রায়ই নির্ধারণ করবে, এত বড় আর্থিক অপরাধের জন্য দায়ীদের কী ধরনের শাস্তি অপেক্ষা করছে।

