
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছরের প্রেমের পর গড়া সেই সংসারে এবার ভাঙনের সুর বেজেছে। বিয়ের দুই বছরের মাথায় আলাদা হয়ে গেছেন এই দম্পতি।
জানা গেছে, গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছেন তারা। এরই মধ্যে মৌসুমী হামিদকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন আবু সাইয়িদ রানা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই। একটি খুদে বার্তায় তিনি জানান, বর্তমানে এ বিষয়ে বিস্তারিত কথা বলার মতো মানসিক অবস্থায় নেই তিনি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে আবু সাইয়িদ রানার বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাদের দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হয়। ওই সম্পর্ককে কেন্দ্র করে দ্বন্দ্ব বাড়তে থাকলে একপর্যায়ে আলাদা থাকার সিদ্ধান্ত নেন তারা।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। এরপর টেলিভিশন নাটক, ওটিটি ও চলচ্চিত্রে কাজ করে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি।
সবশেষ তাকে দেখা গেছে জ্বীনের বাচ্চা নামের ওয়েব ফিল্মে, যেখানে তিনি বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া বর্তমানে তিনি কাজ করছেন ট্রাইবুনাল নামের একটি চলচ্চিত্রে, যা ২০১১ সালের একটি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

