
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসন লাভ করেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান ও সমঅধিকারের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর প্রণীত পররাষ্ট্রনীতি অনুসরণ করেই খালেদা জিয়া দেশের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করেন। সেই নীতির মূল ভিত্তি ছিল—বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা এবং Organisation of Islamic Cooperation (ওআইসি)ভুক্ত দেশগুলোর সঙ্গে খালেদা জিয়া সমঅধিকার ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। সে সময় বাংলাদেশ সব দেশের সঙ্গে মাথা উঁচু করে কথা বলত এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানজনক অবস্থান তৈরি হয়েছিল।
খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে তিনি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় তাকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে এবং সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগও দেওয়া হয়নি।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পরও খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক ভাষা ব্যবহার করেননি। বরং নিজের ওপর হওয়া নির্যাতনের কথা না তুলে তিনি সবাইকে প্রতিহিংসা পরিহার করে ভালোবাসা ও ঐক্যের বার্তা দিয়েছেন।
গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব দল, মত, ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দশমিক প্রকাশনীর প্রকাশক দীপান্ত রায়হান এবং সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।
উল্লেখ্য, অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘মহাজীবনের উপাখ্যান’–এর মোড়ক উন্মোচন করা হয়।

