টেস্ট অব ড্যানফোর্থ ফিরছে

টেস্ট অব ড্যানফোর্থ ফিরছে - the Bengali Times
টরন্টোর অন্যতম জনপ্রিয় খাদ্য উৎসব টেস্ট অব দ্য ড্যানফোর্থ আবারও আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে

টরন্টোর অন্যতম জনপ্রিয় খাদ্য উৎসব ‘টেস্ট অব দ্য ড্যানফোর্থ’ আবারও আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার মেয়র অলিভিয়া চাউ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবটি পুনরায় আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে, যা নগরীর খাদ্যপ্রেমীদের জন্য সুখবর হতে পারে।

গ্রিকটাউন এবং স্থানীয় ব্যবসায়ীরা উৎসবটি আবার ফিরিয়ে আনার বিষয়ে কাজ করছেন। গ্রীক টাউনের একজন রেস্টুরেন্ট ব্যবসায়ি সালেমান হাদী এই প্রতিবেদককে বলেন, টেস্ট অব দ্য ড্যানফোর্থ ফিরে এলে এর চেয়ে আনন্দের খবর আর কিছু হতে পারে না। এই উৎসব শহরে হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে এবং খাবার ও বিনোদনের এক অনন্য পরিবেশ তৈরি করে।

- Advertisement -

তবে মেয়রের কার্যালয় স্পষ্ট করেছে যে, সিটি হল সরাসরি এই উৎসব আয়োজন করে না। উৎসবটির আয়োজক হচ্ছে গ্রিকটাউন অন দ্য ড্যানফোর্থ বিজনেস ইমপ্রুভমেন্ট এরিয়া (বিআইএ)। সিটি কর্তৃপক্ষ কেবল সহায়তার আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের পর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে আবারও একবার এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতির প্রভাবের কারণে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠানটি আর আয়োজন করা সম্ভব হয়নি। সাধারণত আগস্ট মাসে অনুষ্ঠিত এই উৎসবে গ্রিক স্ট্রিট ফুড, বিভিন্ন ভেন্ডর স্টল এবং সরাসরি সংগীত ও বিনোদনের আয়োজন থাকে।

এর আগে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও উৎসবটির অনুপস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, তিনি এই উৎসবকে মিস করেন এবং যদি সিটি কর্তৃপক্ষ অর্থায়নের উদ্যোগ নেয়, তবে প্রাদেশিক সরকারও তহবিল সহায়তা দিতে প্রস্তুত।

সব মিলিয়ে, টরন্টোর জনপ্রিয় এই খাদ্য উৎসব আবারও শহরের ক্যালেন্ডারে ফিরবে কি না সেই প্রত্যাশায় এখন অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

Sohely Ahmed Sweety : Local Journalism Initiative Reporter

- Advertisement -

Related Articles

Latest Articles